বদ্রীনাথ থেকে ফেরার সময় জোশীমঠের কাছে ভেঙে পড়ল হেলিকপ্টার, বৃষ্টিতে বিঘ্নিত উদ্ধারকাজ
বদ্রীনাথ ধাম থেকে পুণ্যার্থীদের নিয়ে ফেরার সময় জোশীমঠের কাছে পৌঁছে ভেঙে পড়ল একটি হেলিকপ্টার। ঘন মেঘ আর টানা বৃষ্টিতে উদ্ধারকাজে সমস্যা।
চারধাম যাত্রা এই মরসুমের জন্য প্রায় সমাপ্তির পথে। তার আগে বদ্রীনাথ ধাম থেকে ফেরার সময় একটি হেলিকপ্টার ভেঙে পড়ল শুক্রবার দুপুরে। শুক্রবার দুপুর ১টা ১২ মিনিটে বদ্রীনাথ থেকে পুণ্যার্থীদের নিয়ে ওড়ে হেলিকপ্টারটি।
সেটি যখন জোশীমঠের কাছে চাই গ্রামের হাতি পাহাড়ের কাছে পৌঁছয় তখন শেষবার তার সঙ্গে যোগাযোগ হয়েছিল। এখানে একটি সেনা শিবিরও রয়েছে। তার কাছেই হেলিকপ্টারটি ভেঙে পড়ে।
বিষ্ণুপ্রয়াগ এলাকায় এই ঘটনা ঘটার পর দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। জেলা প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বিভাগ এবং এসডিআরএফ যৌথভাবে উদ্ধারকাজ শুরু করেছে। এই ঘটনাটি যে ঘটেছে তা নিশ্চিত করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি নিজে উদ্ধারকাজের দিকে নজর রেখেছেন।
উদ্ধার করে যাত্রীদের আকাশপথেই হাসপাতালে পৌঁছনোর বিষয়েও প্রয়োজনীয় নির্দেশ তিনি দিয়েছেন। যে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে সেটি পরিচালনের দায়িত্ব ছিল ট্রান্স ভারত এভিয়েশন নামে একটি বেসরকারি সংস্থার ওপর।
বদ্রীনাথের কাছে আবহাওয়া খারাপ রয়েছে। প্রচুর মেঘ রয়েছে। টানা বৃষ্টি হচ্ছে। এই অবস্থার জন্যই হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ল কিনা তা পরিস্কার নয়। তবে চলতি মাসের প্রথম দিকে চারধাম যাত্রায় পুণ্যার্থীদের নিয়ে যাওয়া আসা করা ২টি হেলিকপ্টার আবহাওয়ার কারণে আপৎকালীন অবতরণে বাধ্য হয়।
খারাপ আবহাওয়ার জন্য রুদ্রপ্রয়াগে একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করে। অন্য একটি হেলিকপ্টার অবশ্য প্রযুক্তিগত সমস্যার কারণে তেহরি-তে জরুরি অবতরণ করেছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











