দেশের অন্যতম পবিত্র নদীর জলে ভেসে প্রমোদ ভ্রমণের অভিনব উদ্যোগ
দেশের অন্যতম পবিত্র নদীর বুকে প্রমোদ ভ্রমণ। তাও আবার জলে ভেসে। ধারে দাঁড়িয়ে নয়। পর্যটক থেকে স্থানীয় মানুষ এবার এই নদীর জল থেকে তাকে উপভোগ করার সুযোগ পাবেন।
ভারত নদীমাতৃক দেশ। উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত বহু ছোট বড় নদী। যার মধ্যে বেশ কয়েকটি নদী মানুষের কাছে কেবলই একটি নদী নয়, তার চেয়ে বেশি কিছু। যেসব নদীকে মানুষ পবিত্র চোখে দেখেন। দেবতার আসনে বসান।
তেমনই একটি নদী যমুনা। সেই যমুনা নদীর জলে ক্রুজ সাফারি পরিষেবা চালু হওয়া এখন সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই তার পরীক্ষামূলক সফর শুরু হয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সোমবার নিজেই এই ট্রায়াল রান বা পরীক্ষামূলক ভ্রমণে শামিল হলেন। নিজেই খতিয়ে দেখলেন কেমন এগোচ্ছে এই ক্রুজ সাফারি চালু হওয়ার প্রস্তুতি। ৬ কিলোমিটার পথ জলে ভেসে যাত্রাও করেন তিনি।
যে পথে পর্যটকেরা এই ক্রুজ সাফারির আনন্দ উপভোগ করতে পারবেন সেই পথে এগোয় মুখ্যমন্ত্রীর জলযান। মুখ্যমন্ত্রী এদিন সফরকালে জলের পরিচ্ছন্নতা, সুরক্ষা এবং যাত্রীদের সবরকম সুবিধায় বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন আধিকারিকদের।
যেভাবে কাজ এগোচ্ছে তাতে ছট পুজোর আগেই সাধারণের জন্য এই নমো যমুনা ক্রুজ সাফারি চালু হয়ে যাবে। এতে দিল্লির স্থানীয় মানুষ যেমন বিনোদনের একটা নতুন ঠিকানা পাবেন, তেমন এতদিন ধরে যমুনার জলের ধারে দাঁড়িয়েই এই নদীকে দেখেছেন যাঁরা, এবার তাঁরা জলে ভেসে এই নদীকে উপভোগ করার সুযোগ পাবেন।
দিল্লিতে বেড়াতে গিয়ে এবার তাই লালকেল্লা, কুতুবমিনার, ইন্ডিয়া গেটের মত বিভিন্ন দ্রষ্টব্য স্থানের তালিকায় পর্যটকদের জন্য যুক্ত হবে যমুনার বুকে ক্রুজ সাফারিও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











