National

নদীকে জীবন ফিরিয়ে দিলেন গ্রামবাসীরা, তৈরি করলেন অনন্য উদাহরণ

ক্রমশ জল কমে হারিয়ে যেতে থাকা নদীকে জীবন ফিরিয়ে দিলেন আশপাশের গ্রামবাসীরা। একটা নদীকে যে এভাবে বাঁচানো যায় তা একটা উদাহরণ হয়ে রইল।

কয়েক বছর আগের কথা। আশপাশের গ্রামবাসীরা দেখেন ক্রমশ কমছে হাভেল নদীর জল। এটা বুঝতে সময় নেয়নি যে এভাবে চলতে থাকলে নদীটি হারিয়ে যেতে সময় নেবে না। শুধু ওই নদীই নয়, আশপাশের বেশ কয়েকটি পাহাড়ি জলধারা এভাবে শুকিয়ে যাচ্ছিল।

বিষয়টি প্রকৃতির হাতে ছেড়ে না দিয়ে প্রকৃতিকে অন্য রূপ দেওয়ার লড়াই শুরু করেন গ্রামবাসীরা। পাশে পান প্রশাসনকে। ক্রমে সেই নদীকে জীবন ফিরিয়ে দেওয়ার চেষ্টা চালাতে থাকেন তাঁরা।

বৃষ্টির জলকে কাজে লাগানো, প্রচুর গাছের চারা রোপণ করার মধ্যে দিয়ে সবুজে চারধার ভরিয়ে তোলা, মাটির জলধারণ ক্ষমতাকে বাড়ানোর মধ্যে দিয়ে তাঁদের হাভেল নদীকে বাঁচানোর যে চেষ্টা শুরু হয় তা কাজেও আসে। ক্রমে আবার জল বাড়তে থাকে নদীর।

হারিয়ে যেতে বসা নদী এখন তার পুরনো চেহারা ও ছন্দ ফিরে পেয়েছে। শুধু হাভেল নদী বলেই নয়, তার আশপাশের যে জলধারাগুলি শুকিয়ে যাচ্ছিল সেগুলিও এখন তির তির করে বইছে আপন ছন্দে।

এক্ষেত্রে আরও একটি বিষয় বড় ভূমিকা নিয়েছে। আর তা হল পরিচ্ছন্নতা। হাভেল নদী সহ তার আশপাশের জলধারার চারধারের জঞ্জাল সাফ করে এক পরিচ্ছন্ন রূপ প্রদান করতে চেষ্টার অন্ত রাখেননি গ্রামবাসীরা। তার ফলও পাওয়া গেছে।

উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়াল জেলার হাভেল নদীকে এভাবে রক্ষা করার ঘটনা গত রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে জায়গা পেয়েছে। প্রধানমন্ত্রীর মুখে গ্রামবাসীদের উদ্যোগের কথা উঠে এসেছে।

Show Full Article