ভেনাসদের গুহায় রহস্যময় সংকেত, গুহার তলায় লুকোনো গুহা থাকার সম্ভাবনা
হাজার হাজার বছর আগে এ গুহায় মানুষের বাস ছিল। সেখানেই গুহার তলায় কি আরও একটি গুহা লুকিয়ে আছে, সে প্রশ্নের উত্তর খুঁজছেন বিজ্ঞানীরা।
একটি প্রাচীন গুহার সন্ধান মিলেছে যেখানে হাজার হাজার বছর আগে মানুষের বসবাস ছিল। ওই গুহার আশেপাশের মাটির তলায় এবার ধরা পড়েছে এমন কিছু সংকেত যা নতুন এক রহস্যের জন্ম দিয়েছে।
ইতালির পুলিয়া অঞ্চলের পারাবিতা শহরের কাছে এই গুহার নাম গ্রোত্তা দেলে ভেনেরি। যার অর্থ ভেনাসদের গুহা। এখানে অতীতে নিয়ানডার্থাল এবং প্রাচীন মানবজাতির উপস্থিতির নিদর্শন মিলেছে। উদ্ধার করা হয় গর্ভবতী নারীর আদলে তৈরি ২টি ছোট প্রাগৈতিহাসিক মূর্তি। ফলে জায়গাটি প্রত্নতাত্ত্বিকদের কাছে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ।
সম্প্রতি গবেষকেরা গুহার আশপাশে মাটির নিচের গঠন পরীক্ষা করেছেন। ব্যবহার করা হয়েছে গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার এবং ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি টোমোগ্রাফি।
প্রথম পদ্ধতি ব্যবহার করে মাটির ভিতরে পাঠানো তরঙ্গের প্রতিফলন বিশ্লেষণ করা হয়। দ্বিতীয় পদ্ধতির মাধ্যমে বৈদ্যুতিক প্রতিরোধের পার্থক্য দেখে ভূগর্ভস্থ গঠনের ধারনা মেলে।
পরীক্ষায় মাটির প্রায় ৯০ সেন্টিমিটার থেকে ২ দশমিক ৭ মিটার নিচে ৮ থেকে ১০ মিটার জমি অস্বাভাবিক অঞ্চল হিসেবে সনাক্ত করা হয়েছে। বিজ্ঞানীদের অনুমান এগুলি ফাঁপা জায়গা হতে পারে। যা অজ্ঞাত গুহার সঙ্গে যুক্ত থাকতে পারে। কিছু সংকেত আবার পাথরের গায়ে ফাটলের ইঙ্গিত দিচ্ছে।
তবে এখনই এখানে নতুন গুহা পাওয়া গিয়েছে কিনা তা বলা যাচ্ছে না। কোনও নতুন প্রত্নবস্তু উদ্ধার হয়নি। সরাসরি অনুসন্ধান চালালে বোঝা যাবে মাটির নিচে ঠিক কী আছে। এই অনুসন্ধানে হয়তো প্রাগৈতিহাসিক মানুষের জীবন সম্পর্কে আলোকিত হতে পারে আরেক অজানা অধ্যায়।











