World

পাম্প ছাড়াই ২০ কিলোমিটার দূরে পৌঁছত জল, ২ হাজার বছর পুরনো ইঞ্জিনিয়ারিংয়ের খোঁজ মিলল

২০ কিলোমিটার দূরে যদি জল পৌঁছে দিতে হয় সেক্ষেত্রে পাম্পের একটা ভূমিকা থাকে। কিন্তু ২ হাজার বছর আগে পাম্প ছিলনা। তাও ২০ কিলোমিটার পাড়ি দিত জল।

২ হাজার বছর আগে পাহাড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জল পৌঁছে দেওয়া মোটেও সহজ কাজ ছিল না। তখন না ছিল বৈদ্যুতিক পাম্প, না ছিল কোনও আধুনিক মাপজোকের যন্ত্র। তবু প্রাচীনকালে মানুষের হাতে তৈরি একটি জলপথ আজও প্রত্নতাত্ত্বিকদের বিস্মিত করছে।

জেরুজালেমের কাছে রামাত রাহেল এলাকায় খননকার্য চালিয়ে উদ্ধার করা হয়েছে প্রাচীন লোয়ার অ্যাকোয়াডাক্টের প্রায় ৩০০ মিটারের দীর্ঘ জলপথ। ইজরায়েলের অ্যান্টিকুইটিজ অথরিটি জানিয়েছে জলপথটি সম্ভবত হাসমোনীয় শাসনকালে নির্মিত হয়েছিল। এর সাহায্যে বেথলেহেমের দক্ষিণে সলোমনস পুল থেকে প্রায় ২১ কিলোমিটার পথ পেরিয়ে জল পৌঁছত জেরুজালেমে।

জেরুজালেমে তখন জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে বাড়ছিল জলের চাহিদা। বিভিন্ন ধর্মীয় উৎসবে দূরদূরান্ত থেকে আসা মানুষের ভিড় সেই চাপ আরও বাড়িয়ে দিত। এজন্য দূরবর্তী ঝরনার জল শহরে পৌঁছে দেওয়া জরুরি হয়ে পড়ে।

এত দূরবর্তী এলাকায় জল পৌঁছত কীভাবে এই রহস্যের উত্তর লুকিয়ে রয়েছে জলপথের ঢালে। পাহাড়ের গা বেয়ে এমনভাবে পথ তৈরি করেছিলেন প্রাচীন প্রকৌশলীরা যাতে অভিকর্ষের টানে জল এগিয়ে যেতে পারে। অনেকটা পথজুড়ে এক্ষেত্রে প্রতি কিলোমিটারে উচ্চতা কমত মাত্র ১ মিটার।

এই ঢাল নির্ভুলভাবে ধরে রাখা ছিল সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ। জলপথে ময়লা জমলে তা সাফের জন্য বিশেষ প্রবেশপথ রাখা হয়েছিল। খননে ধরা পড়েছে বিভিন্ন যুগে এধরনের সংস্কারের চিহ্ন। দেখা গিয়েছে, প্রায় ৫০০ বছর আগে অটোমান আমলে পুরনো নালার ভিতর বসানো হয়েছিল পোড়ামাটির পাইপ।

সবচেয়ে অবাক করার মতো বিষয় এই যে, শাসক বদলেছে, শতাব্দীর পর শতাব্দী পেরিয়েছে, তা সত্ত্বেও এই জলপথ প্রায় ১০০ বছর আগেও মাঝেমধ্যে ব্যবহৃত হয়েছে। আধুনিক প্রযুক্তি ছাড়া এক্ষেত্রে কীভাবে নিখুঁত হিসেবনিকেশ সম্ভবপর হয়েছিল এই আবিষ্কার সেই প্রশ্ন ফের সামনে এনেছে।

Show Full Article