World

‌১৩০০ বছর পুরনো পাউরুটির গায়ে লেখা রয়েছে বার্তা, রহস্যময় চিহ্ন

এ পাউরুটি উদ্ধার হয়েছে একটি প্রত্ন নিদর্শন হিসাবে। সেই পাউরুটির গায়ে দেখতে পাওয়া গেল লেখা রয়েছে বার্তা। রয়েছে রহস্যময় চিহ্ন।

একটি পাউরুটি কয়েকদিন ফেলে রাখলেই তা নষ্ট হয়ে যায়। অথচ সেই পাউরুটি যদি ১৩০০ বছর পর মাটির নিচ থেকে মেলে এবং তার গায়ে লেখা প্রাচীন বার্তাও পাঠ করা যায়, তা অবাক হওয়ারই মতো।

তুরস্কের কারামান প্রদেশের তোপ্‌রাকতেপে প্রত্নস্থলে এমনই ৫টি প্রাচীন রুটি উদ্ধার করেছেন প্রত্নতত্ত্ববিদরা। জায়গাটি একসময় পরিচিত ছিল আইরেনোপোলিস নামে। গবেষকদের মতে রুটিগুলি বাইজেন্টাইন যুগের। যা আনুমানিক সপ্তম থেকে অষ্টম শতাব্দীর।

দীর্ঘ সময়ের ব্যবধানে রুটিগুলি আর খাওয়ার উপযোগী নয়, তা বলা বাহুল্য। আগুনের তাপে পুড়ে সেগুলি কার্বনে পরিণত হয়েছে। যদিও আশ্চর্যজনকভাবে টিকে রয়েছে তাদের গোলাকার গঠন এবং নকশা। একটি রুটির উপর লেখা প্রাচীন গ্রিক ভাষায় বার্তা। তাতে যিশুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

ওই লেখাটির পাশে রয়েছে যিশুখ্রিস্টের একটি প্রতিকৃতি। চমকপ্রদ বিষয় হল এক্ষেত্রে যিশুকে রাজকীয় মহিমায় নয়, বরং বীজ বপনকারী একজন কৃষকের আদলে তুলে ধরা হয়েছে। অন্য কয়েকটি রুটির গায়ে রয়েছে ক্রসের নকশা।

প্রত্নতত্ত্ববিদদের ধারনা এগুলি সাধারণ খাবারের পাশাপাশি খ্রিস্টীয় ধর্মীয় অনুষ্ঠানে সম্ভবত ব্যবহৃত হয়েছিল। তবে সঠিকভাবে সেটি কোন অনুষ্ঠান সেবিষয়টি এখনও নিশ্চিত নয়। গতবছর বিস্ময়কর এই আবিষ্কারের খবর প্রথম সামনে আসে। ২০২৬ সালের অক্টোবরে ফের তা নতুন করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে চর্চিত।

প্রশ্ন হল, শতাব্দীর পর শতাব্দী ধরে রুটিগুলি টিকে থাকল কীভাবে? বিশেষ পরিবেশে পুড়ে কার্বনে পরিণত হওয়ায় পচনের প্রক্রিয়া বাধা পেয়েছিল বলে মনে করছেন গবেষকরা। ফলে ১৩০০ বছর আগের মানুষের বিশ্বাস, খাদ্যাভ্যাস এবং শিল্পবোধের বিরল সাক্ষী হয়ে আছে এই ৫টি রুটি।

Show Full Article