SciTech

সূর্যের জীবন শেষ হলে সৌরমণ্ডলের ৪টি গ্রহের কি হাল হবে, উত্তর খোঁজার চেষ্টা করলেন বিজ্ঞানীরা

সূর্য একদিন শেষ হবে। তারপর সৌরমণ্ডলের শেষের ৪টি গ্রহ বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুনের কি হবে তার একটা ধারনা দেওয়ার চেষ্টা করলেন বিজ্ঞানীরা।

এমন একসময় আসবে যখন সূর্য আর বর্তমানের মতো আলো ছড়াবে না। বয়সের ভারে ফুলে উঠে বিশাল লাল দৈত্যে পরিণত হবে সূর্য। এরপর বাইরের স্তরের বিপুল পদার্থ মহাকাশে ছড়িয়ে দিয়ে ছোট্ট শ্বেত বামনে পরিণত হবে সে। কিন্তু সূর্যের এই শেষযাত্রার পর বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুনের কী হবে এটাও একটা প্রশ্ন।

আরও প্রশ্ন এই যে, বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুন কি নিজেদের কক্ষপথে ঘুরতে থাকবে নাকি একদিন সৌরজগৎ থেকেই হারিয়ে যাবে? এতদিন বিজ্ঞানীদের ধারনা ছিল, সূর্য ধীরে ধীরে ভর হারালে দূরের এই ৪টি বড় গ্রহের কক্ষপথ খানিক প্রসারিত হলেও দীর্ঘকাল তা স্থিতিশীল থাকতে পারে।

এবার এই ধারনা সম্পর্কে নতুন কিছু প্রশ্ন তুলেছে ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি এবং মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণা। গবেষকেরা কম্পিউটারে ৬৭২টি পৃথক পরিস্থিতি তৈরি করেন। সেখানে সূর্য একটানা সমানভাবে নয়, কখনও ছোট, কখনও বড় ঝাঁকুনিতে বাইরের স্তরের পদার্থ হারাচ্ছে।

এই আকস্মিক পরিবর্তন বাকি ৪টি গ্রহের চলার পথকে কীভাবে বদলে দেয় তা পরীক্ষা করা হয়েছে। ফলাফল চমকে দেওয়ার মতো। আকস্মিকভাবে বাইরের স্তরের বিপুল পদার্থক্ষয়ের কিছু মডেলে সূর্য শ্বেত বামন হওয়ার পর ৩০০ কোটি বছরের মধ্যে সর্বোচ্চ ৯৬ শতাংশ গ্রহব্যবস্থা অস্থিতিশীল হয়ে পড়বে।

যেমন, কোথাও গ্রহ সৌরজগৎ থেকে ছিটকে বেরিয়ে যাবে, কখনও আবার ইউরেনাস এবং নেপচুনের কক্ষপথের অদলবদল ঘটবে। এমনকি কিছু পরীক্ষায় সূর্য লুপ্ত হওয়ার আগে গ্রহগুলির মধ্যে অস্থিরতা দেখা যাবে। তবে অপেক্ষাকৃত মৃদু পদার্থক্ষয়ের ক্ষেত্রে কিছু ব্যবস্থা স্থিতিশীলতা বজায় রাখবে।

দ্যা অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারস-এ প্রকাশিত গবেষণা যদিও নিশ্চিত কোনও ভবিষ্যদ্বাণী নয়, এটা কেবল সম্ভাবনার পরীক্ষা। সূর্য ঠিক কীভাবে বিলুপ্ত হবে তা এখনও নিশ্চিত নয়। সূর্য শ্বেত বামনে পরিণত হওয়ার পর কি অক্ষত থাকবে সৌরজগৎ, এই প্রশ্নের সমাধান এখনও খুঁজে পাননি বিজ্ঞানীরা।

Show Full Article