সোশ্যাল মিডিয়ার ছবিতে অজানা গাছের রহস্যভেদ, বিশ্বে যার সংখ্যা নিতান্তই নগণ্য
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি থেকে জানা গেল অজানাকে। জঙ্গলের গভীরে মিলল ২ মিটারের চওড়া পাতার অজানা গাছ। পৃথিবীতে যার সংখ্যা মোটে ৩০ থেকে ৫০টি।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি। সেই ছবি দেখে প্রশ্ন জাগল এক উদ্ভিদ বিশেষজ্ঞের মনে। সেই প্রশ্নের সূত্র ধরে দক্ষিণ আমেরিকার গভীর জঙ্গলে সন্ধান মিলেছে বিশাল এক জলজ উদ্ভিদের। এতদিন পর্যন্ত যার অস্তিত্ব বিজ্ঞানীদের কাছে সম্পূর্ণত অজানা ছিল।
ঘটনার শুরু প্রায় ৫ বছর আগে। কলম্বিয়ার ইনিরিদা নদীতে তোলা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন জেরেমিয়া হ্যারিস নামে এক ব্যক্তি। ছবিতে দেখা যাচ্ছিল শাপলাজাতীয় বিশাল বিশাল জলজ উদ্ভিদ। এই ছবিগুলি নজরে আসে ব্রিটেনের রয়্যাল বোটানিক গার্ডেনস, কিউ-এর উদ্ভিদ বিশেষজ্ঞ কার্লোস ম্যাগডালেনার।
কার্লোস এও টের পান পরিচিত ভিক্টোরিয়া প্রজাতির জলজ উদ্ভিদের স্বাভাবিক বিস্তারের সঙ্গে ছবির এলাকার মিল নেই। এরপর উপগ্রহচিত্র খতিয়ে দেখে ওই অঞ্চলে বিশাল আকৃতির পাতার উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হন তিনি। স্থানীয় আদিবাসীদের সাহায্যে শুরু হয় অনুসন্ধান।
৫ দিনের অভিযানে প্রথমে মাত্র ২টি গাছ পাওয়া যায়। তাতে ফুল না থাকায় সঠিক পরিচয় নির্ধারণ করা সম্ভব হচ্ছিল না। অবশেষে ফেরার সিদ্ধান্ত নেওয়ার ঠিক আগের রাতে স্থানীয় এক নৌকাচালকের সাহায্যে নেন গবেষকরা।
এরপর রাত ১টায় ঘন অন্ধকারে নৌকায় চেপে জঙ্গলের আরও গভীরে ঢোকেন গবেষকরা। ভোরের আগে একটি হ্রদে পৌঁছে ফুল সহ আরও ৫টি গাছের সন্ধান পান তাঁরা। পরীক্ষা চালিয়ে নিশ্চিত হওয়া যায় এটি সম্পূর্ণ নতুন এক প্রজাতি।
প্রজাতিটির নামকরণ করা হয় ভিক্টোরিয়া কলম্বিয়ানা। এর গোলাকার পাতার ব্যাস ২ মিটার পর্যন্ত হতে পারে। তবে আবিষ্কারের আনন্দের মধ্যেই থেকেছে উদ্বেগ। গবেষকদের প্রাথমিক অনুমান, প্রকৃতিতে এই প্রজাতির মোটে ৩০ থেকে ৫০টি গাছ থাকতে পারে।
বিজ্ঞানীরা এখন এই গাছের সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিচ্ছেন। সোশ্যাল মিডিয়ার সাধারণ ছবির মাধ্যমে যে পৃথিবীর অজানা জীব বৈচিত্র্যের বিচিত্র রহস্য উন্মোচিত হতে পারে, এই আবিষ্কার এরই অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে।











