World

যেখানে থাকার কথা নয় সেখানে মিলল সাড়ে ৬ ফুট লম্বা মাছ, নির্জন সমুদ্রতটে অদ্ভুত আবিষ্কার

শীতল সমুদ্রতটে মিলল সাড়ে ৬ ফুট লম্বা মাছ। উষ্ণজলের মাছটি সেখানে গেল কীভাবে, উত্তর খুঁজছেন বিজ্ঞানীরা।

এক নির্জন সমুদ্রতটে পড়ে রয়েছে প্রায় সাড়ে ৬ ফুট লম্বা একটি মাছ। লম্বা মুখটি দেখতে অনেকটা তলোয়ারের মতো। মাছটির নাম সোর্ডফিশ। কিন্তু এই মাছটি এখানে দেখে অবাক হওয়ার মতো অনেক কারণ আছে। বিশেষত এধরনের এলাকায় সোর্ডফিশের দেখা পাওয়া বিরল ঘটনা।

কানাডার ব্রিটিশ কলম্বিয়ার হাইডা গোয়াই দ্বীপপুঞ্জের উপকূলে মাছটির দেহ খুঁজে পান কুইন বারাবাশ নামে এক ব্যক্তি। সোর্ডফিশ অপেক্ষাকৃত উষ্ণ ও নাতিশীতোষ্ণ সমুদ্রে বিচরণ করে। অথচ কানাডার উত্তরাঞ্চলের এই উপকূল সোর্ডফিশের পরিচিত বিচরণ ক্ষেত্রের এলাকাভুক্ত নয়।

বিশেষজ্ঞদের মতে, ব্রিটিশ কলম্বিয়ায় এর আগে মাত্র ২ বার সোর্ডফিশের উপস্থিতির তথ্য নথিবদ্ধ হওয়ার কথা জানা যায়। ফলে এবারের আবিষ্কার যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কিন্তু সোর্ডফিশটি এখানে পৌঁছল কীভাবে? বিজ্ঞানীদের ধারনা, এর পিছনে সমুদ্রের পরিবর্তনশীল পরিবেশের ভূমিকা থাকতে পারে।

বিজ্ঞানীদের মতে, দীর্ঘদিন ধরে সমুদ্রের জলের তাপমাত্রা বাড়ছে। পাশাপাশি, এল নিনো-র দরুন সমুদ্রের কোনও কোনও অংশের জল অস্বাভাবিক উষ্ণ হয়ে উঠতে পারে। এরফলেই উষ্ণজলের প্রাণিরা নিজেদের পরিচিত এলাকা ছেড়ে নতুন অঞ্চলে পৌঁছতে পারে।

এর আগে ব্রিটিশ কলম্বিয়ার উপকূলে এমন অপ্রত্যাশিত সামুদ্রিক প্রাণির দেখা মিলেছে। এমনকি সেখানে উষ্ণজলের ব্যারাকুডা মাছের উপস্থিতিও নথিবদ্ধ হয়। তবে এই সোর্ডফিশটি কীভাবে সেখানে পৌঁছেছিল কিংবা সেটির জীবনহানির কারণই বা কী, তা এখনও নিশ্চিত নয়।

এই কারণে গবেষকদের কাছে বিষয়টি শুধু একটি বিরল মাছের উপস্থিতি নয়, বরং সামুদ্রিক পরিবেশ বদলানোর দরুন কীভাবে সামুদ্রিক প্রাণিদের বিচরণ ক্ষেত্র পাল্টে যেতে পারে, সেই ঘটনাও সামনে এল।

Show Full Article