আবার হড়পা বানে বিধ্বস্ত প্রতিবেশি দেশ, ভেসে গেল অনেক বাড়ি, ব্রিজ
২৬ অগাস্টের স্মৃতি এখনও তাজা। এখনও অনেক হারিয়ে যাওয়া মানুষের অপেক্ষায় দিন গুনছেন প্রিয়জনেরা। তারমধ্যেই নতুন করে হড়পা বান। ভেসে গেল অনেক বাড়ি, ব্রিজ।
২৬ অগাস্ট ভোটে কোশী এবং ত্রিশূলী নদীতে হওয়া দানবীয় জলোচ্ছ্বাস ও হড়পা বানে নেপালের একটা অংশ ভেসে গিয়েছিল। বহু মানুষ সেই জলের তোড়ে হারিয়ে যান। কিছু মানুষের দেহ উদ্ধার হয়।
এখনও অনেকে নিখোঁজ। প্রাণ গেছে ১ হাজার ৪৫৫ জনের। ৫ হাজার ২৮৫ জন মানুষের কোনও খোঁজ নেই। তাঁদের খোঁজেও ইতি পড়েছে। কিন্তু তাঁদের পরিবার আজও পথ চেয়ে বসে আছে প্রিয়জনের ফেরার আশায়।
সেই ঘটনার স্মৃতি এখনও তাজা সকলের মনে। তার মধ্যেই ফের হড়পা বান। এবার নেপালের গোর্খা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া বুড়ি গণ্ডকী নদী বেয়ে ঝাঁপিয়ে পড়ল এক ভয়ংকর হড়পা বান। যার জলের তোড়ে ভেসে গেল অনেক বাড়ি।
জাগাত এবং শাল্লেরি গ্রামের অনেক বাড়িই ভেসে গেছে। ভেসে গেছে একাধিক সেতু। এমনকি একটি জলবিদ্যুৎ কেন্দ্রেও ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ২৬ অগাস্টের স্মৃতি আবার ফিরে এল নেপালে।
প্রশাসনের তরফে এখনও ক্ষয়ক্ষতি পরিস্কার নয়। কত বাড়ি ভেসে গেছে, কত মানুষের ক্ষতি হয়েছে, কত গবাদি পশুর প্রাণ গেছে, বাড়ি ছাড়া আর কোন কোন পরিকাঠামো ধ্বংস হয়েছে, এসব কিছুই জানার চেষ্টা করছে প্রশাসন।
লোপকা এবং চামলিংয়ের মাঝে ধস নামার হাত ধরেই এই প্লাবনের জন্ম। এই ধাক্কা সামলে ওঠার লড়াই চালাচ্ছে নেপাল প্রশাসন। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











