আকাশচুম্বী মেঘ, হিমালয়ের ওপর দুর্যোগের ঘনঘটা
উল্লম্ব মেঘরাশি। এক অতিশক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে যার আগমন। যা এখন হিমালয়ের ওপর দুর্যোগের ঘনঘটা নিয়ে উপস্থিত।
হিমালয়ের একটা অংশ ভারতের ভূখণ্ডের আওতায়। সেই হিমালয়ের ওপর এক অতি ভারী দুর্যোগের মেঘ উপগ্রহ চিত্রে স্পষ্ট নজর কাড়ছে। পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে এই মেঘ অবস্থান করছে জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের ওপর। যা প্রবল বৃষ্টি, বজ্রপাতের কারণ হতে চলেছে।
অসময়ে এমন প্রবল বৃষ্টির বিষয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আবহাওয়া দফতর। হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। যখন দেশের একটা অংশ তাপপ্রবাহে জ্বলছে, সেখানে এমন এক উল্লম্ব মেঘরাশি আকাশচুম্বী হয়ে অবস্থান করছে ভারতের উত্তর অংশে। উপগ্রহ চিত্রে যা পরিস্কার দেখা যাচ্ছে।
হিমালয় লাগোয়া ভারতের ৩ রাজ্যে যখন এমন মেঘের ঘনঘটা তখন দেশের ঠিক উল্টো প্রান্তে বর্ষা ঢোকা এখন সময়ের অপেক্ষা। কেরালা দিয়ে ভারতের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশ করে। সাধারণভাবে ১ জুন সেখানে বর্ষা ঢোকার সময়।
কিন্তু এবার আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে আবহবিদেরা আগেই জানিয়েছিলেন বর্ষা এখানে ২৬ মে ঢুকে যেতে পারে। সে অবস্থা তৈরিও হয়ে গেছে। আরবসাগরের ওপর মেঘের সঞ্চার হয়েছে। যা অচিরেই বর্ষা টেনে আনতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে পড়তে পারে কেরালায়।
ভারত মহাসাগরের ওপর থেকেও প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। যার হাত ধরে কেরালায় বর্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। এদিকে বাংলায় অসহ্য গরম থেকে সপ্তাহের মাঝামাঝি সময় থেকে কিছুটা রেহাই পাওয়া যেতে পারে। হতে পারে বৃষ্টি।











