তাপপ্রবাহ ও অসহ্য গরমে পুড়তে থাকা দেশে অসময়ের তুষারপাত, সাদা হল এক প্রান্ত
বরফের পুরু চাদরে ঢাকা পড়ে গেল ভারতের একাংশ। যেখানে দেশের অধিকাংশ স্থান ৪০ ডিগ্রির ওপর পারদে জ্বলছে। সেখানে এমন অসময়ে তুষারপাত অবাক করেছে সেখানকার স্থানীয় বাসিন্দাদেরও।
গ্রীষ্মের প্রখর দাবদাহে জ্বলছে ভারতের বড় অংশ। অনেক জায়গাতেই ৪৭-৪৮ ডিগ্রি পার করেছে পারদ। ৪০ ডিগ্রি পার করা স্থান তো গুনে শেষ করা যাবেনা। যখন ভারতের উত্তর থেকে দক্ষিণের বিভিন্ন জায়গা এমন আগুনে গরমে নাজেহাল, সেখানে একদম অসময়ে তুষারপাত দেখল ভারতের অন্য একটি প্রান্ত।
মে মাসের প্রায় শেষের দিকে পৌঁছেও যে সেখানে তুষারপাত হতে পারে সেটা দেখে অবাক হয়েছেন স্থানীয় বাসিন্দারাও। এতটাই তুষারপাত হয়েছে যে পুরো এলাকা সাদা বরফের তলায় ঢাকা পড়েছে। অনেক সড়কপথ বন্ধ হয়ে গেছে পুরু বরফের কারণে।
লাদাখের জোজিলা পাস এমন এক পথ যা সড়ক যোগাযোগের ক্ষেত্রে এই এলাকায় যথেষ্ট তাৎপর্যের দাবি রাখে। অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রীনগর লেহ সড়কপথ বরফের কারণে স্তব্ধ।
এমন সময় যে এভাবে তুষারপাত হতে পারে তা বিশ্বাস করতে পারছেন না স্থানীয়রাও। এদিকে জোজিলা পাস যখন তুষারপাতে সাদা, তখন জম্মু কাশ্মীরের অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। যা সেখানকার পারদকে স্বাভাবিকের চেয়ে নিচে নিয়ে চলে গেছে।
এই সময় বরফ গলে। বরফ পড়ে না। কিন্তু এখানে বদলাতে থাকা আবহাওয়ার প্রভাব যে প্রবলভাবে পড়ছে তা পরিস্কার। তাই এই অসময়েও এমন তুষারপাত সম্ভব হল। এই সময় পশ্চিমী ঝঞ্ঝা এমনভাবে ভারতের দিকে এগিয়ে আসছে যে এমন অসময় তুষারপাতের মত ঘটনা ঘটছে।











