National

৪৭ ডিগ্রিতে পারদ, পুড়ছে খাজুরাহো, ভিজছে দেশের অন্য প্রান্ত, প্রবল বৃষ্টির সতর্কতা

দেশের একটা প্রান্ত যখন জ্বলছে আগুনে গরমে, বেলা বাড়লে মানুষ ঘর থেকে বার হচ্ছেন না, তখন অন্য দিকে অতি প্রবল বৃষ্টির জন্য প্রস্তুত থাকতে বলছে আবহাওয়া দফতর।

খাজুরাহো জ্বলছে। আগুনে নয়, আগুনে গরমে। পারদ পৌঁছে গেছে ৪৭.৪ ডিগ্রিতে। পর্যটকের সংখ্যাও কমেছে গরমের কারণে। খাজুরাহো সকলের জানা নাম, তবে মধ্যপ্রদেশের একটা বড় অংশই কিন্তু এমনই গরমে জ্বলছে। তাপপ্রবাহ পরিস্থিতি আরও ঘোরাল করে তুলেছে।

আগামী কয়েকদিনে মধ্যপ্রদেশের ৩৭টি জেলাই আগুনে গরমে পুড়বে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। অনেক জায়গায় হবে তাপপ্রবাহ। ফলে মে মাসের শেষের দিকে পৌঁছে কার্যত মধ্যপ্রদেশে ৪৩ থেকে ৪৫ ডিগ্রিতে গরম ঘুরপাক খাবে বলেই মনে করছেন আবহবিদেরা।

তাপপ্রবাহ সহ প্রবল গরম গ্রাস করেছে বিহারের একটা বড় অংশকেও। এদিকে রাজস্থান তার গরমের জন্য পরিচিত। রাজস্থান জুড়ে এখন দাবদাহের ছেঁকা। শ্রীগঙ্গানগর, ঝুনঝুনু-র মত জায়গায় পারদ ৪৫ ডিগ্রির ওপরেই অবস্থান করছে। অন্যান্য অনেক জায়গাতেই পারদ ৪৪ ডিগ্রির ওপর রয়েছে। যারমধ্যে রয়েছে কোটা, আলোয়ার, চুরু, বিকানের, চিতোরগড়, ফালোদি।

এভাবে উত্তর ভারতের একাংশ, মধ্য ভারত এবং উত্তর পশ্চিম ভারত যখন আগুনে গরমে জ্বলছে তখন দেশের অন্য অংশ আবার বৃষ্টিতে ভিজছে। আর সেই বৃষ্টির দাপট বেড়ে চলেছে।

তামিলনাড়ুতে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর তামিলনাড়ুর ৫টি জেলায় সতর্কতা জারি করেছে। সেখানে আগামী ২ দিন ধরে প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টিতে ভিজছে পুদুচেরিও। ফলে তামিলনাড়ু জুড়ে যে প্রবল গরম ছিল তা বৃষ্টিতে মুছে গেছে। বরং অতিবৃষ্টির জন্য চিন্তায় পড়েছেন সেখানকার মানুষজন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article