National

মায়ের ইচ্ছাপূরণ করতে ডাক্তারি প্রবেশিকায় বসলেন ৭১ বছরের বৃদ্ধ

মায়ের ইচ্ছা ছিল ছেলে ডাক্তার হন। কিন্তু সে সময় প্রবেশিকা পরীক্ষার গণ্ডি পার করতে পারেননি ছেলে। মায়ের ইচ্ছাপূরণ করতে এবার ৭১ বছরে ডাক্তারি প্রবেশিকায় বসলেন বৃদ্ধ।

তাঁর বাবা ছিলেন বিশিষ্ট চিকিৎসক। মায়ের ইচ্ছা ছিল তাঁর স্বামীর মত ছেলেও স্বনামধন্য ডাক্তার হবেন। স্নাতক স্তরে পড়ার সময় তিনি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষাতেও বসেছিলেন। কিন্তু সফল হতে পারেননি। মায়ের ইচ্ছা সে সময় অপূর্ণই থেকে গিয়েছিল।

এদিকে তাঁর পরিবারের অনেকেই চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত। তিনি বিয়েও করেন এক চিকিৎসককে। মঞ্জু নাহার একজন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ। কিন্তু অশোক নাহারের আর চিকিৎসক হওয়া হয়নি। মাঝে কয়েকবার ফের মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষা দিলেও সাফল্য আসেনি।

ফলে তিনি আশা প্রায় ত্যাগ করেছিলেন। ফলে মাঝে এক দীর্ঘ বিরতি। কিন্তু তাঁর স্ত্রী হাল ছাড়েননি। ৭১ বছর বয়সের অশোক নাহারকে উৎসাহ দিয়ে এবার তিনি নিট পরীক্ষায় অংশ নিতে রাজি করান। অশোক নাহারও মায়ের ইচ্ছাপূরণ করতে এবার বসেন চিকিৎসাশাস্ত্র প্রবেশিকা পরীক্ষা নিট-এ।

৭১ বছর বয়সেও যে চিকিৎসক হওয়ার চেষ্টা করা যায়, স্বপ্ন দেখা এবং তা পূরণ করার চেষ্টার যে কোনও বয়স হয়না তা প্রমাণ করলেন লখনউ শহরের বাসিন্দা ৭১ বছরের অশোক নাহার।

তিনি চান যদি তিনি সফল হন তাহলে হেপাটোলজি-তে বিশেষজ্ঞ হতে। স্ত্রীর উৎসাহ ও মায়ের স্বপ্ন পূরণের ইচ্ছা ৭১-এও তাঁর এই হাল না ছাড়া মানসিকতাকে পরীক্ষার হল পর্যন্ত টেনে নিয়ে যেতে পেরেছে। যা গোটা দেশের জন্যই এক উদাহরণ তৈরি হল।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *