National

বিজয়ের সুপারহিট সিনেমার দৃশ্যে গাড়ির নম্বর প্লেট ২ বছর আগেই মুখ্যমন্ত্রী হওয়ার ইঙ্গিত দিয়েছিল

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী যে তিনি হতে পারেন তার ইঙ্গিত ২ বছর আগেই নিজের সুপারহিট সিনেমার একটি দৃশ্যে গাড়ির নম্বর প্লেটে বুঝিয়ে দিয়েছিলেন সুপারস্টার থালাপতি বিজয়।

তামিলনাড়ুতে ডিএমকে এবং এডিএমকে-র মত শক্তিশালী রাজনৈতিক দলকে পরাজিত করে সে রাজ্যে ক্ষমতায় আসতে চলেছেন তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। তাঁর দল টিভিকে বা তামিলগা ভেত্রি কাজগাম কার্যত রাজনৈতিক মঞ্চে সদ্যজাত।

২০২৪ সালে এই দল তৈরি করে তামিল রাজনীতিতে প্রবেশ করেন বিজয়। সে বছরই মুক্তি পায় তাঁর সুপারহিট সিনেমা জিওএটি বা গোট বা গ্রেটেস্ট অফ অল টাইম।

বিজয় এবার বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে ঝড় তুলেছেন। মাত্র ২ বছরের একটি দলকে তিনি সেরা করেছেন। ডিএমকে এবং এডিএমকে-কে অনেক পিছনে ফেলে তিনি সরকারও গড়তে চলেছেন তামিলনাড়ুতে।

মুখ্যমন্ত্রী হিসাবে যে তাঁকেই দেখা যাবে সে বিষয়েও সকলে নিশ্চিত। কিন্তু সেই ২০২৪ সালের সিনেমায় কি তিনি ২০২৬ সালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার বার্তা দিয়ে রেখেছিলেন? তামিল অভিনেতা তথা সুরকার প্রেমজি অমরেন তাঁর এক্স হ্যান্ডলে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন। যা অনেককিছু বলে দিচ্ছে।

গোট সিনেমায় একটি দৃশ্যে একটি গাড়িতে বসে আছেন থালাপতি বিজয় এবং প্রেমজি নিজে। তাঁদের মধ্যে কিছু কথা হচ্ছে। সেই দৃশ্যে গাড়ির নম্বর প্লেটটি স্পষ্ট নজর কাড়ছে। সেখানে লেখা টিএন ০৭ সিএম ২০২৬।

নম্বর প্লেটটি ভাল করে নজর করলে দেখা যাচ্ছে টিএন অর্থাৎ তামিলনাড়ু এবং সিএম মানে চিফ মিনিস্টার। তারপর নম্বরটি ২০২৬। সব মিলিয়ে যা দাঁড়ায়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ২০২৬।

২০২৬ সালে বিধানসভা নির্বাচনে শুধু অংশ নেওয়াই নয়, তাঁর দল টিভিকে সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং তিনি মুখ্যমন্ত্রী হবেন এমন ইঙ্গিত কি সেই সিনেমার গাড়ির নম্বর প্লেটেই দিয়ে রেখেছিলেন বিজয়? যা এবার সত্যি হল! এমন চর্চা কিন্তু তুঙ্গে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *