National

তামিলনাড়ুতে বিজয়ের ব্লকব্লাস্টার, দেশে কোনও রাজ্যে ক্ষমতায় থাকল না বামেরা

পশ্চিমবঙ্গে বিজেপি ঝড়ের পাশাপাশি তামিলনাড়ুতে এবার ব্লকবাস্টার জয় পেল সুপারস্টার থালাপতি বিজয়ের টিভিকে। অন্যদিকে কেরালা হাতছাড়া হওয়ার পর বামেরা দেশের আর কোনও রাজ্যেই ক্ষমতায় রইল না।

পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের আরও ৪টি রাজ্যে হয়েছিল বিধানসভা নির্বাচন। অসমে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরল বিজেপি। বিরোধী কংগ্রেসের সঙ্গে তাদের আসন সংখ্যার ফারাক বিশাল। ফলে অসমে বিজেপির জয় হল ঝোড়ো হাওয়ার মতই।

অন্যদিকে পুদুচেরিতেও বিজেপি ঝড় দেখা গেছে। কিন্তু চমকে দিয়েছে তামিলনাড়ুর জনাদেশ। তামিলনাড়ুতে ডিএমকে ক্ষমতায় থেকে যাবে, নাকি এডিএমকে ফিরবে, এটা ছিল প্রশ্ন।

এটাও বোঝা যাচ্ছিল সিনেমা ছেড়ে সদ্য রাজনীতির ময়দানে পা রাখা সুপারস্টার থালাপতি বিজয়ের নতুন দল টিভিকে কিছু আসন দখল করবে। কিন্তু ফল বার হতে দেখা গেল তামিলনাড়ুর মানুষ উজাড় করে বিজয়কে ভোট দিয়েছেন। বিজয় ঝড়ে কার্যত উড়ে গেছে তামিলনাড়ুর ২ পরিচিত দল ডিএমকে ও এডিএমকে।

কেরালায় এবার কংগ্রেসের প্রত্যাবর্তন। বামেদের পরাজয় কিন্তু একটা অন্য ইতিহাস রচনা করল। ৫০ বছরে এই প্রথম দেশের একটাও রাজ্যে আর ক্ষমতায় থাকল না বামেরা। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা আগেই হারিয়েছিল বাম শক্তি। এবার কেরালাও তাদের হাতছাড়া হয়ে গেল।

এদিকে বিহারের ভোটের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন বিহারের জয় বিজেপির জন্য পশ্চিমবঙ্গ জয়ের পথ খুলে দিল। সেটাই এদিন সত্যি হল ফল প্রকাশের পর।

পশ্চিমবঙ্গে দামাল ঝড়ের মতই ক্ষমতায় এল বিজেপি। স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গ কংগ্রেস, বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেসের শাসনে দিন কাটিয়েছে। এই প্রথমবার বিজেপি এখানে সরকার গঠন করতে চলেছে।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *