বিমানে বমি, বিমানবন্দরে বিমানের আপৎকালীন দরজা খুলে লাফ যাত্রীর
বিমানটি অবতরণের পর দাঁড়ানোর জন্য এগিয়ে যাচ্ছিল। আর ঠিক তখনই বিমানের আপৎকালীন দরজা খুলে লাফ দেন এক ব্যক্তি।
শারজা থেকে চেন্নাই উড়ে আসে এয়ার অ্যারাবিয়া-র একটি বিমান। যাত্রী ভর্তি বিমানটি চেন্নাই বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে থেকে ট্যাক্সিওয়ে-তে গিয়ে ক্রমে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছিল।
ঠিক সেই সময় সকলকে অবাক করে দিয়ে বিমানের এক যাত্রী বিমানের আপৎকালীন দরজা খুলে লাফ দেন। সোজা এসে পড়েন মেঝেতে। বিমানবন্দরের সুরক্ষায় নিযুক্ত সিআইএসএফ আধিকারিকরা দ্রুত তাঁকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান।
যখন বিমানটি দাঁড়াতেই যাচ্ছিল, যখন বিমান থেকে আর কিছুক্ষণের মধ্যে তিনি অন্য যাত্রীদের সঙ্গে নিচে নামতেই পারতেন, তখন এভাবে চলন্ত বিমানের আপৎকালীন দরজা খুলে লাফ দেওয়ার কারণ কি?
জানা যাচ্ছে, তামিলনাড়ুর বাসিন্দা ওই ব্যক্তি বিমান অসুস্থ বোধ করছিলেন। তাঁর বমি পাচ্ছিল। তিনি বিমানেই ২ বার বমিও করেছিলেন বলে জানা যাচ্ছে। তারপরও তাঁর শারীরিক সমস্যা হচ্ছিল।
বিমানে আর এক মুহুর্তও থাকতে না পেরেই তিনি এভাবে লাফ দিয়েছেন, নাকি অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
এমন এক ঘটনায় চেন্নাই বিমানবন্দরে বেশ কিছুক্ষণের জন্য স্বাভাবিক পরিস্থিতি নষ্ট হয়। ভোরে ১ ঘণ্টা রানওয়ে বন্ধ করে দেওয়া হয়। সুরক্ষা ব্যবস্থা ভাল করে খতিয়ে দেখে তারপরই ফের রানওয়ে কার্যকর করা হয়।
প্রাথমিকভাবে অসুস্থতা সহ্য করতে না পেরেই ওই ব্যক্তি দরজা খুলে লাফ দেন বলে মনে করা হচ্ছে। অন্য কোনও কারণ থাকলে তা খতিয়ে দেখা হচ্ছে।












