বিশ্বরেকর্ড গড়ল ভারতের ৭ বছরের বালক, বিদেশ থেকে সাঁতরে পৌঁছল দেশে
বিস্ময় বালক বললেও কম বলা হয়। উত্তাল সমুদ্রে সাঁতার কেটে শ্রীলঙ্কা থেকে ভারতে পৌঁছল এক ৭ বছরের বালক। গড়ে ফেলল বিশ্বরেকর্ডও।
শ্রীলঙ্কা ও ভারতের মাঝখানে উত্তাল সমুদ্র। যা পক প্রণালী বলেই খ্যাত। যা তার উত্তাল স্বভাবের জন্য পরিচিত। তবে সেই উত্তাল সমুদ্রকে সামান্যতম ভয় না পেয়ে ৭ বছরের ঈশাঙ্ক শ্রীলঙ্কার তালাইমান্নারের সমুদ্রতট থেকে নিশ্চিন্তে নেমে পড়ে সমুদ্রে। তারপর শুরু হয় সমুদ্রের ঢেউয়ের সঙ্গে লড়াই করে সাঁতার।
সামান্য জলপথ পার করা নয়। ঈশাঙ্ক সাঁতার কাটতেই থাকে। ঘণ্টার পর ঘণ্টা কাটতে থাকে। তবে ৭ বছরের ছোট্ট ছেলেটা দৃঢ় অকুতোভয় মনে তার সাঁতার চালিয়ে যেতে থাকে।
এভাবে ৯ ঘণ্টা ৫০ মিনিট সাঁতার কাটার পর সে কুল খুঁজে পায়। ছুঁয়ে ফেলে ভারতের মাটি। ধনুষ্কোটিতে পৌঁছে অবশেষে জল ছেড়ে ফের ডাঙায় ওঠে সে।
২৯ কিলোমিটারের এই জলপথ সে পার করে কার্যত ১০ ঘণ্টারও কম সময়ে। এত কম বয়সে এর আগে কেউ পক প্রণালী পার করতে পারেনি। ঈশাঙ্কই প্রথম। ফলে বিশ্বরেকর্ডও গড়ে ফেলল ঝাড়খণ্ডের রাঁচির এই বিস্ময় বালক।
এই পথ অতিক্রম করার জন্য অনেক পরিশ্রম করেছে সে। প্রতিদিন ৪ থেকে ৫ ঘণ্টা কঠিন পরিশ্রম চালিয়ে গেছে তার কোচের পরামর্শে। সেই পরিশ্রম, অধ্যবসায়ের ফল সে পেল।
শ্রীলঙ্কা থেকে ভারতে উত্তাল সমুদ্রপথে সাঁতার কেটে পৌঁছল ঈশাঙ্ক। পরাস্ত করল সমুদ্রের উদ্দামতাকে। ঈশাঙ্কের এই সাফল্য আগামী দিনে ভারতের এমন আরও প্রতিভাকে উদ্বুদ্ধ করবে।












