সুড়ঙ্গ খুঁড়তে গিয়ে উঠে এল প্রাচীন শিবলিঙ্গ, ইতিহাস খুঁজতে কাজ শুরু প্রত্নতাত্ত্বিকদের
ভারতের মহাকালের শহরে সুড়ঙ্গ খুঁড়তে গিয়ে মাটির তলা থেকে উদ্ধার হল একটি প্রাচীন শিবলিঙ্গ। বন্ধ খননকার্য। সেখানেই পুজো দিতে হাজির অগণিত ভক্ত।
মহাকালেশ্বর মন্দিরের কাছেই সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলছিল। ভক্তদের সুবিধা আরও বাড়াতেই এই সুড়ঙ্গ সহ নানা ব্যবস্থার আয়োজনে জোর দিয়েছিল প্রশাসন। একটি মেশিনের সাহায্যে মাটি খোঁড়ার কাজ হচ্ছিল।
সেই সময় মাটির অনেকটা তলায় একটি শিলাখণ্ডের দেখা পান শ্রমিকরা। বিষয়টি জানানো হয় কর্তৃপক্ষকে। এরপর মাটির তলা থেকে তুলে ফেলা হয় সেই শিলাখণ্ড। দেখা যায় সেটি একটি প্রায় সম্পূর্ণ থাকা শিবলিঙ্গ। যা শত শত বছর ধরে মাটির তলায় এভাবে থেকে গিয়েছিল।
এ খবর ছড়িয়ে পড়তে সময় নেয়নি। মাটির তলা থেকে শিবলিঙ্গ বেরিয়ে আসার কথা জানতে পেরে অগণিত মানুষ সেখানে হাজির হতে থাকেন। উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের কাছেই ভিড় জমে যায়। আধ্যাত্মিক চেতনা থেকে অনেকেই ওই শিবলিঙ্গটির পুজোও করা শুরু করে দেন। যেখান থেকে শিবলিঙ্গটি উদ্ধার হয় সেই জায়গাটা ঘিরে ফেলা হয়।
এই ঘটনা সামনে আসার পর প্রত্নতাত্ত্বিকরা এই শিবলিঙ্গের ইতিহাস খুঁজতে কাজ শুরু করেছেন। বিশেষজ্ঞেরা মনে করছেন, এক হতে পারে এখানে কোনও প্রাচীন মন্দির ছিল। যে মন্দিরে শিবলিঙ্গটি ছিল। পরে সেই মন্দির মাটির তলায় চলে যায়। সঙ্গে শিবলিঙ্গটিও।
আবার এটাও হতে পারে যে শিবলিঙ্গটিই মাটির তলায় রেখে দেওয়া হয়েছিল। ঠিক কি ঘটেছিল, শিবলিঙ্গটির বয়স কত, সব খুঁজে বার করতে কাজ শুরু হয়েছে।
এছাড়া যেখান থেকে শিবলিঙ্গটি উদ্ধার হয়েছে সেখানে আশপাশে মাটি খুঁড়ে আরও কিছু প্রাচীন নিদর্শন উদ্ধার হয় কিনা তার চেষ্টাও শুরু করেছেন প্রত্নতাত্ত্বিকরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা














