National

শুকোচ্ছে জঙ্গল, প্রাণিরা ঢুকে পড়ছে লোকালয়ে, লাগাম দিতে মাটি খুঁড়ল বন দফতর

দেশের ২ জেলার জঙ্গলে শুকনো পরিস্থিতি। প্রাণিরা জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে প্রবেশ করছে। তাদের জঙ্গলেই রাখতে মাটি খুঁড়ল বন দফতর।

উষ্ণতার পারদ বেড়েই চলেছে। দেশজুড়ে অধিকাংশ জায়গায় প্রবল গরমে নাজেহাল মানুষজন। নাজেহাল বন্যপ্রাণিরাও। কারণ ৪০ ডিগ্রির ওপর পারদে তারা জল পাচ্ছেনা। যে কোনও জঙ্গলেই নালা, দিঘি, পুকুরের মত জলাশয় থাকে। বন্যপ্রাণিরা সেখানে জল পান করতে আসে।

অনেক সময় কোনও কোনও জঙ্গলের মধ্যে দিয়ে নদীও বয়ে যায়। তামিলনাড়ুর তিরুপুর এবং ইরোড জেলায় থাকা জঙ্গলগুলিতে রয়েছে ছোট ছোট জলাশয়, নালা। যাতে থাকা জল বন্যপ্রাণিদের তৃষ্ণা মেটায়।

কিন্তু অসহ্য গরমে সেসব জলভাগ শুকিয়ে গিয়েছে। ফলে তেষ্টা মেটাতে বন্যপ্রাণিরা জঙ্গল ছেড়ে বেরিয়ে আসছে। জলের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ছে। এটা একেবারেই চাইছে না সে রাজ্যের বন দফতর। তাই তারা এক অন্য পথ নিয়েছে বন্যপ্রাণিদের জঙ্গলেই আটকে রাখতে।

বন দফতরের পক্ষ থেকে এই ২ জেলার জঙ্গলগুলিতে পুকুর খননের কাজ শুরু হয়েছে। যে পুকুরে জলও ভরে দেওয়া হচ্ছে। যাতে বন্যপ্রাণিরা জঙ্গলের মধ্যেই তাদের প্রয়োজনীয় পানীয় জলটা পেয়ে যায়।

মাটি খুঁড়ে ৪০টি এমন পুকুর তৈরি করা হচ্ছে। ১৫ হাজার থেকে ৩০ হাজার লিটার জল এই পুকুরগুলিতে ধরবে। ট্যাঙ্কারে জল ভরে তা নিয়ে গিয়ে কোথাও জল ভরা হচ্ছে, কোথাও আবার কাজে লাগানো হচ্ছে বোর ওয়েল। এতে হাতি বা অন্য প্রাণিরা জঙ্গলেই থাকবে। মানুষের সঙ্গে তাদের সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হবেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *