National

গরম বাড়ছে, পাল্লা দিয়ে চড়ছে সাপে কাটার সংখ্যা

পারদ দেশের বিভিন্ন অংশেই চড়ছে। অনেক জায়গায় তাপপ্রবাহও চলছে। এই চড়তে থাকা অসহ্য গরমের মাঝে এক নতুন সমস্যার মুখে পড়েছে এক রাজ্য।

পারদ চড়তে চড়তে এবার ৪৬ ডিগ্রিও পার করে গেল দেশের কয়েকটি জায়গায়। মহারাষ্ট্র থেকে রাজস্থান, ৪৬ ডিগ্রি পার করা গরমে নাজেহাল এই ২ রাজ্যের কিছু জায়গার মানুষ। সার্বিকভাবেও কোথাও ৪৪, তো কোথাও ৪৩ বা ৪২ ডিগ্রি।

উত্তর ও মধ্য ভারত জ্বলছে। চলছে তাপপ্রবাহ। এমনকি তাপপ্রবাহ, অসহ্য গরম থেকে রেহাই পাচ্ছেনা কেরালাও। কেরালার মানুষ গরমে অতিষ্ঠ তো বটেই, তার সঙ্গে তাঁদের রাতের ঘুম কেড়ে নিয়েছে নতুন সমস্যা।

কেরালায় সর্প দংশনের ঘটনা বেড়েই চলেছে। দৈনিক সাপে কাটার সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অ্যাম্বুলেন্স তৈরি থাকছে কেরালা জুড়েই। বনাঞ্চল তো বটেই, এমনকি শহর, মফস্বলেও সাপের হাত থেকে রেহাই পাওয়া যাচ্ছেনা।

সর্পাঘাত এ রাজ্যে কেন দেশের অধিকাংশ জায়গাতেই নতুন নয়। কিন্তু তার একটা হিসাব থাকে। কেরালাতেও এই সময় কেমন সর্পাঘাতের ঘটনা ঘটে তা প্রশাসনের জানা।

এবার সেসব কিছুই মিলছেনা। কারণ সাপেরা ক্ষেত, খামারে তো বটেই, এমনকি অনেকের বাড়িতেও ঢুকে পড়ছে। এমনও দেখা গেছে যে কারও কারও বাড়িতে একসঙ্গে কয়েকটি সাপ বিভিন্ন ঘরে এসে ঢুকেছে।

সাপদের গর্ত ছেড়ে এভাবে শহর, নগর, গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ার ফলে সাপের ছোবলের সংখ্যাও বাড়ছে। সরাসরি মানুষের বসতির মধ্যে ঢুকে সাপেরা অনেক সময় ছোবল বসিয়ে দিচ্ছে। কিন্তু কেন এমনটা ঘটছে?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন লাগামছাড়া গরম এজন্য দায়ী। সাপেরা মাটিতে গর্ত করে থাকে। সেই মাটি গরমে এতটাই তেতে যাচ্ছে যে তারা আর গর্তে থাকতে পারছেনা। একটু শীতল পরিবেশের খোঁজে তারা ঢুকে পড়ছে মানুষের বাড়িতেও। বিভিন্ন ঘরের কোনও ঠান্ডা জায়গায় গিয়ে ঢুকছে তারা।

এই পরিস্থিতি কেরালা জুড়ে এক নতুন সমস্যার জন্ম দিয়েছে। কোনও বয়সের মানুষই সাপের ছোবল থেকে রেহাই পাচ্ছেন না। হাসপাতালগুলিতে প্রায়ই সর্পাঘাতে আক্রান্ত মানুষ হাজির হচ্ছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *