National

মায়ের প্রতি ভালবাসা থেকে তাঁর স্মৃতিতে তাজমহল তৈরি করলেন ছেলে

মাকে খুব ভালবাসেন তিনি। তাই মায়ের জীবনাবসানের পর তাঁর স্মৃতিতে তাজমহল বানিয়ে ফেললেন তিনি। যা এখন একটি পর্যটন ক্ষেত্র হয়ে উঠেছে।

বাবা গত হয়েছেন অনেকদিন হল। মা বেঁচে ছিলেন। কিন্তু তিনিও গত হওয়ার পর মায়ের প্রতি ভালবাসা থেকে একটি সিদ্ধান্ত নেন তাঁর ছেলে। ছেলের বয়স প্রায় ৫০ বছর। পেশায় ব্যবসায়ী। তিনি স্থির করেন মায়ের স্মৃতিতে একটি তাজমহল বানাবেন তাঁরই গ্রামে।

২০২০ সালে মা জৈলানি বিবি-র দেহান্তের পর ছেলে আমূরদ্দিন মায়ের স্মৃতিতে তাঁর গ্রামে তাজমহল তৈরি করা শুরু করে দেন। ৮ হাজার বর্গফুট এলাকায় ৪৬ ফুট চওড়া একটি তাজমহল তৈরি হয়ে যায় ২ বছরে।

আগ্রার তাজমহল যেহেতু শ্বেতপাথরের তৈরি, তাই রাজস্থান থেকে শ্বেতপাথর এনে এই তাজমহল তৈরিতে কাজে লাগানো হয়। ২০২২ সালে মায়ের স্মৃতিতে ছেলের তৈরি এই তাজমহল সম্পূর্ণ হয়।

তৈরির পর থেকেই যা নজর কেড়ে নেয় সকলের। একে দক্ষিণের তাজমহল নামও দিয়ে দেওয়া হয়। তাজমহলের আদলে তৈরি এই দক্ষিণের তাজমহল দেখতে ক্রমশ পর্যটকদের ভিড় বাড়তে থাকে।

তামিলনাড়ুর থিরুভারুর-এর আম্মায়াপ্পান গ্রামের এই তাজমহল এখন বহু মানুষের বেড়ানোর জায়গা হয়ে উঠেছে। এই তাজমহলে আসার জন্য কোনও বাধানিষেধ নেই। যে কেউ এখানে আসতে পারেন। ঘুরে দেখতে পারেন। এই চত্বরে একটি মাদ্রাসাও তৈরি করেছেন আমূরদ্দিন।

এদিকে এই দক্ষিণের তাজমহল দেখার আকর্ষণ বেড়েই চলেছে। এখন স্কুলে ছুটি পড়লে ছোটরাও বাড়ির বড়দের সঙ্গে হাজির হয় এখানে। অনেকেই এখানে এসে ছবি তোলেন। সময় কাটান। ঘুরে দেখেন তাজমহল। এমনও অনেকে আসেন যাঁরা আগ্রার তাজমহল দেখেননি। তাই এই স্থাপত্য দেখে তাজমহল দেখার ইচ্ছাটা পূরণ করে নেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *