National

মাটি দেওয়ার ৩ দিন পর পারলৌকিক ক্রিয়াকর্মের দিনে বাড়িতে হাজির যুবক

একটি দেহ পাওয়া গিয়েছিল রাস্তার ধার থেকে। পরিবারকে খুঁজে তাদের দিয়ে শনাক্তকরণের পর সেই দেহ পরিবারই কবর দেয়। সেই যুবক ফিরলেন ৩ দিন পর।

দেহটি রাস্তায় পড়েছিল। কার দেহ জানা ছিলনা। তবে তা প্রশাসনের তরফে উদ্ধার করা হয়। তারপর ওই ব্যক্তির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। অন্যদিকে ওই ব্যক্তির পরিবারকেও খুঁজে বার করা হয়। তাঁদের দিয়ে দেহ শনাক্তও করানো হয়।

পরিবার দেহ শনাক্ত করার পর পরিবারের হাতে দেহটি নিয়ম মেনে তুলে দেওয়া হয়। বাড়ির এক তরতাজা যুবকের এই অকাল প্রয়াণে পরিবার তো বটেই, এমনকি আশপাশের মানুষও গভীর শোকে ছিলেন। দেহটি নিয়ম মেনে কবরও দেওয়া হয়।

এরপর ৩ দিন কেটে যায়। যে যুবককে কবর দেওয়া হয় তিনি বাইরে কাজ করতেন। কয়েকদিন অন্তর বাড়ি আসতেন। তাঁর দেহ কবর দেওয়ার ৩ দিন পর বাড়িতে তাঁর পারলৌকিক ক্রিয়ার কাজ হচ্ছিল।

এমন সময় সকলকে চমকে দিয়ে বাড়িতে হাজির হন ওই যুবক। একি কাণ্ড! কবর থেকে উঠে এল নাকি? বাড়ির সকলে হতবাক হয়ে যান। অসমের শোনারি শহরের বাসিন্দা ওই যুবক অবশ্য জানান, তিনি নিজেই এমন এক খবর পেয়ে বাড়ি ফিরেছেন।

কিন্তু তাঁর তো কিছু হয়নি। এবার সকলের টনক নড়ে। যদি তাঁদের বাড়ির ছেলে সুস্থই আছেন, তাহলে তাঁরা যাকে ওই যুবক ভেবে কবর দিয়ে এলেন তিনি কে?

দ্রুত খবর যায় প্রশাসনের কাছে। তারা ফের কবর খুঁড়ে দেহ বার করে আনে। শনাক্তকরণে এত বড় ত্রুটি হয়ে গেল, আর তা ধরাও পড়ল না, এই নিয়ে প্রশ্নের মুখে পড়েছে প্রশাসন।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *