National

১০টা জাহাজ ফিরেছে, এখনও পারস্য উপসাগরে ঠায় অপেক্ষায় ১৪টি জাহাজ

পারস্য উপসাগরে দিনের পর দিন ধরে অপেক্ষা করছে ১৪টি জাহাজ। তবে ১০টি জাহাজ এখনও ফিরেছে। আশা ও নিরাশার মাঝখানে দেশবাসী।

হরমুজ প্রণালী কোনও ভারতীয় জাহাজ পার করলেই এখন ভারতীয়দের মন আনন্দে নেচে উঠছে। হরমুজ দিয়ে কত ভারতীয় জাহাজ বছরের পর বছর যাতায়াত করেছে তা কেউ খবরও নেননি। প্রয়োজন পড়েনি। কিন্তু এবার সেই ভারতীয় জাহাজের হরমুজ পার করলেই ভারতীয়রা আনন্দ পাচ্ছেন।

কারণটা অবশ্যই রান্নার গ্যাস। কিছুটা হলেও জ্বালানি তেল নিয়েও দুশ্চিন্তা কাজ করছে সকলের মনে। তবে রান্নার গ্যাসটাই প্রধান। কারণ রান্নার গ্যাস সরাসরি তাঁদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত।

এরমধ্যেই কখনও হরমুজ খুলে দেওয়ার কথা শোনা গেছে। পরক্ষণেই তা আবার বন্ধ হয়েছে। ভারতের ২টি জাহাজ আক্রান্তও হয়েছে। হরমুজ পার করতে এসে ফের ফিরে গেছে পারস্য উপসাগরে।

এরমধ্যেই বিদেশ মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হল এখনও পর্যন্ত গত কয়েক সপ্তাহে ভারতের ১০টি জাহাজ হরমুজ পার করেছে। কিন্তু এখনও ১৪টি ভারতীয় জাহাজ পারস্য উপসাগরে দাঁড়িয়ে আছে।

হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের ২০ শতাংশ জ্বালানি আমদানি রফতানি হয়। যে পথ ভারতে তেল ও রান্নার গ্যাস আসার এক অন্যতম উপায়। সেটাই এখন পশ্চিম এশিয়ার সমস্যার কারণে প্রশ্নচিহ্নের মুখে।

এদিকে ভারতের সাধারণ মানুষের কাছে এই সমস্যা মানে বাড়িতে রান্নার সমস্যা। রান্নার গ্যাস নিয়ে এখনও যে চরম সমস্যা তৈরি হয়েছে এমনটা নয়। তবে প্রমাদ গুনছেন ভারতবাসী।

এই পরিস্থিতি চলতেই থাকলে আগামী দিনে তাঁরা প্রয়োজনীয় গ্যাস সময়ে পাবেন তো? এ প্রশ্ন আম ভারতবাসীর সারাক্ষণ মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *