সুবর্ণরেখা নদীর ধারে মাছ ধরতে গিয়ে নজর কাড়ল ধাতব বস্তু, দেখেই পালালেন গ্রামবাসীরা
সুবর্ণরেখা নদীর ধারেই তাঁদের বসবাস। রাতের দিকে মাছও ধরতে যান। সেটাই করতে গিয়েছিলেন তাঁরা। সেই সময় নদীর বালিতে আটকে থাকা ধাতব বস্তু নজর কাড়ে তাঁদের।
ভারতের অন্যতম একটি নদী সুবর্ণরেখা। আবহাওয়ার কারণে সুবর্ণরেখার জলস্তর কিছুটা নেমেছে। আর তার ফলেই নদীর তলার বালি কিছু জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে।
ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার বাহারাগোড়ার পাশ দিয়ে বয়ে গেছে সুবর্ণরেখা নদী। এই নদীর ধারে অনেক গ্রাম রয়েছে। সেখানকার বাসিন্দারা অনেক সময় রাতের দিকেও নদীর জলে মাছ ধরতে যান।
তেমনই কয়েকজন গ্রামবাসী হাজির হয়েছিলেন মাছ ধরার জন্য। সেই সময় জলস্তর নেমে যাওয়ায় দেখা যাওয়া বালির মধ্যে কিছু একটা আটকে থাকতে দেখেন তাঁরা। কি আটকে আছে সেটা দেখার জন্য কাছে পৌঁছেও যান।
খুব কাছ থেকে সেটি দেখার পর তাঁদের আর বুঝতে বাকি থাকেনা ওটা কি! কারণ গত মাসেই এমনই বস্তু হইচই ফেলে দিয়েছিল। ওটা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি না ফাটা বোমা তা বুঝতে পেরে সেখান থেকে ছুটে পালান সকলে। খবর দেওয়া হয় প্রশাসনে। প্রশাসনের তরফে দ্রুত চারধার ঘিরে ফেলা হয়।
যদিও তা বহু বছর আগের, তারওপর জলের তলায় লুকিয়ে ছিল। ইদানিং জলস্তর নিচে নেমে যাওয়ায় বালিতে আটকে থাকা এমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা নজর কাড়তে শুরু করেছে।
মার্চ মাসেও সুবর্ণরেখার ধার থেকে এমন না ফাটা ২টি বোমা উদ্ধার হয়। এই বোমাটিও দীর্ঘ সময় জলের তলায় ছিল। তাও ঝুঁকি নেয়নি স্থানীয় প্রশাসন। যদি তা এখনও ফাটার অবস্থায় থাকে তাহলে বড় ক্ষতি হতে পারে। তাই আশপাশ ফাঁকা করে দেওয়া হয়। খবর যায় বম্ব স্কোয়াডে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা












