দেশের নতুন এক্সপ্রেসওয়ে দিয়ে নিশ্চিন্তে ছুটবে গাড়ি, নিচে ঘুরে বেড়াবে বন্যপ্রাণিরা
একটি অভিনব এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা ধরে যেমন প্রবল গতিতে নিশ্চিন্তে ছুটবে গাড়ি, তেমনই তার তলায় ঘুরে বেড়াবে হাতি সহ বন্যপ্রাণিরা।
যানজট এড়িয়ে সহজে সমতল থেকে পাহাড়ে পৌঁছে দিতে দিল্লি, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডকে জুড়ে দিল এই নতুন পথ। যা দেশের রাজধানী দিল্লিকে জুড়ে দিল উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনের সঙ্গে। এই পথ কেবল যানজট এড়িয়ে যাত্রা সুন্দর করল না, সেই সঙ্গে ৬ ঘণ্টার যাত্রাকে নামিয়ে আনল মাত্র আড়াই ঘণ্টায়।
সেই দিল্লি দেরাদুন এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২১০ কিলোমিটার পথ জুড়ে এই এক্সপ্রেসওয়ে ৬ লেনের। যেখানে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে গাড়ি চালাতে পারবেন স্টিয়ারিংয়ে বসা মানুষটি।
এমনকি যাঁরা সড়কপথে দিল্লি থেকে হরিদ্বারে যেতে চান, তাঁদের জন্যও এই পথ সুবিধা নিয়ে হাজির হল। দিল্লি ও দেরাদুন, এই ২ শহরের মধ্যে সড়কপথে খুব অল্প সময়ের মধ্যে যোগাযোগ স্থাপন ২ জায়গার মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
সেই সঙ্গে পর্যটকরাও এই পথই বেছে নিতে চলেছেন আগামী দিনে। এই পথ ধরে যাত্রা করা মানুষজনের যাতে কোনও সমস্যা না হয় সেজন্য রাস্তায় ১৪টি জায়গায় নানা সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। যার মধ্যে রয়েছে খাবার জায়গা, বিশ্রামাগার, শৌচাগার, তেল ভরার সুবিধা।
এই পথে পড়ছে রাজাজি জাতীয় উদ্যান। দেশের এই অন্যতম বিশাল ও ঘন জঙ্গল হাতি ও অন্যান্য বন্য পশুর জন্য বিখ্যাত। যাতে বন্যপ্রাণিদের এই রাস্তার জন্য কোনও সমস্যা না হয় সেদিকেও নজর রাখা হয়েছে।
১২ কিলোমিটার পথ ব্রিজের মাধ্যমে পার করা হয়েছে। যার তলা দিয়ে জঙ্গলের অংশ রয়েছে। যেখান দিয়ে বন্যপ্রাণিরা নিজেদের মত যাতায়াত করতে পারবে।
রাস্তার জন্য তাদের কোনও সমস্যা হবেনা। এমনকি যাতে হাতিরাও দল বেঁধে যাতায়াত করতে পারে সেজন্য যথেষ্ট উচ্চতাও রাখা হয়েছে ব্রিজের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা












