জাতীয় সড়কে গাড়িতে অতিরিক্ত বোঝাই হলেই মোটা জরিমানা, ওজন ভেদে বদলাবে অঙ্ক
জাতীয় সড়ক দিয়ে পণ্যপরিবহনের সময় কোন গাড়ি কতটা পণ্য বোঝাই করতে পারবে তার একটা নির্দিষ্ট মাপ আছে। তা এবার লঙ্ঘন হলেই মোটা টাকার জরিমানা।
জাতীয় সড়ক দিয়ে পণ্যপরিবহন চিরকালই হয়ে এসেছে। ভিন্ন রাজ্যে বা রাজ্যের মধ্যেই দূরে কোথাও পণ্য পৌঁছে দিতে জাতীয় সড়ক বড় ভরসা। তাই সারাদিনই বিভিন্ন জাতীয় সড়ক ব্যস্ত থাকে পণ্যবাহী গাড়ির ভিড়ে।
এই গাড়িগুলিতে কতটা পণ্যপরিবহন করা যাবে তার একটা নির্দিষ্ট ওজন আছে, মাপ আছে। কিন্তু সব গাড়ি কি তা মেনে চলে! বাস্তব তা বলে না। অনেকসময় চোখে দেখেও বোঝা যায় অতিরিক্ত পণ্য বোঝাই করে ছুটে যাচ্ছে পণ্যবাহী গাড়ি। যার ফল অনেকসময় খুব ভাল কিছু হয়না।
বরং দুর্ঘটনার কবলে পড়তে হয় গাড়িগুলিকে। এবার আর নির্দিষ্ট সীমা লঙ্ঘন করতে পারবেনা পণ্যবাহী গাড়ি। সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক আইন সংশোধন করে ফি-এর নতুন নিয়ম চালু করতে চলেছে।
আগামী দিনে জাতীয় সড়ক ধরে ছুটে চলা গাড়ি যদি নির্দিষ্ট স্থির করে দেওয়া মাপের বেশি পণ্য পরিবহণ করে তবে তাকে জরিমানার মুখে পড়তে হবে। সেই জরিমানার অঙ্ক নির্ভর করবে সে কতটা বেশি পণ্য পরিবহণ করছে তার ওপর।
যা স্থির করে দেওয়া তার চেয়ে ১০ শতাংশ বেশি পণ্য পরিবহণ করলে তাকে জরিমানা গুনতে হবেনা। তবে যদি দেখা যায় নির্দিষ্ট পরিমাণের ১০ শতাংশ থেকে ৪০ শতাংশ বেশি পণ্য পরিবহণ করা হচ্ছে তবে বেস রেটের দ্বিগুণ।
আবার যদি দেখা যায় সেই পরিমাণ ৪০ শতাংশও পার করে গেছে তাহলে জরিমানাও লাফিয়ে বেড়ে হবে বেস রেটের ৪ গুণ। জাতীয় সড়কে পথ সুরক্ষা আরও নিশ্চিত করতে এই নতুন জরিমানার পথে হাঁটল সরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা












