National

মাথার ওপর হাত ঘোরাতেই সম্মোহিত মহিলা, খুলে দিলেন সব গয়না

দিনেদুপুরে অটোস্ট্যান্ডে যে এমন কিছু ঘটতে পারে তা কল্পনার অতীত। কিন্তু সেটাই ঘটে গেল। এক মহিলাকে সম্মোহিত করে ফেলল এক ব্যক্তি।

ডাক্তার দেখাতে তিনি যাচ্ছিলেন ক্লিনিকে। একাই ওই মহিলা যাচ্ছিলেন ডাক্তারের কাছে। মাঝে অটোস্ট্যান্ডে পৌঁছনোর পর এক ব্যক্তি এসে তাঁকে একটি কর্পূর বিক্রি করতে চায়। কর্পূরটি প্রসাদ বলে জানায় ওই ব্যক্তি।

যদিও মহিলা সাফ জানিয়ে দেন তিনি ওই কর্পূর কিনবেন না। কিন্তু তাতেও পিছু ছাড়েনি ওই ব্যক্তি। সে জানায় মহিলার সন্তানের ঘোর বিপদ। যদি তা কাটাতে চান তাহলে মন্ত্রপূত জল মাথার ওপর ঘুরিয়ে ফেলে দিতে হবে।

রঞ্জু নামে ওই মহিলার ডান হাতের তালুতে ওই ব্যক্তি এক ফোঁটা জল দেয়। তারপর বলে মাথার ওপর সেটিকে কয়েকবার ঘড়ির কাঁটার মত করে ঘুরিয়ে ফেলে দিতে।

অবসরপ্রাপ্ত অধ্যাপকের স্ত্রী রঞ্জু সেটাই করেন। মাথার ওপর কয়েকবার ঘোরানোর পর কিন্তু ঘটে অন্য ঘটনা। তিনি সম্মোহিত হয়ে যান। তারপর ওই ব্যক্তির কথা শুনে চলতে থাকেন।

ওই ব্যক্তি এবার নির্দেশ দিতে শুরু করে। আর বাধ্যের মত সেকথা শুনতে থাকেন ওই মহিলা। তিনি এক এক করে ওই ব্যক্তির কথা শুনে গয়না গা থেকে খুলে দিতে থাকেন। সব গয়না পেয়ে গেলে ওই ব্যক্তি সেখান থেকে চম্পট দেয়।

সম্মোহিত করে এভাবে জনবহুল এলাকায় সব লুঠের ঘটনা পুলিশকেও ভাবাচ্ছে। ঘটনাটি ঘটেছে পাটনায়। মহিলার অভিযোগক্রমে তদন্তে নেমেছে পুলিশ। ওই ব্যক্তিকে হন্যে হয়ে খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *