SciTech

বৃহস্পতির মত বড়, বুড়ির চুলের মত হালকা, আশ্চর্য জোড়া গ্রহের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

এমন গ্রহ এর আগে দেখেননি বিজ্ঞানীরা। যা বৃহস্পতিগ্রহের মত বড়। অথচ এই ২টি দানব গ্রহ বুড়ির চুলের মত হালকা।

মহাশূন্য শুধু অবাকই করে চলে। আর সে অবাক হওয়ার পালা কখনও শেষ হয়না। যেমন নিঃসীম এই মহাশূন্য, তেমনই অগুন্তি তার চমক। নাসার টেস বা ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট এমনই এক জোড়া চমকের দেখা পেয়েছে। যা বিজ্ঞানীদেরও ধাঁধার মুখে ফেলে দিয়েছে। কারণ তাঁরা কিছুতেই বুঝে উঠতে পারছেন না এমনটা কীভাবে সম্ভব!

পৃথিবী থেকে ১ হাজার ১১৩ আলোকবর্ষ দূরে টেস ২টি গ্রহের দেখা পেয়েছে। যারা তাদের সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। সেই গ্রহ ২টি আকারে বৃহস্পতির সমান। ফলে এটা অনুমেয় যে ২টি গ্রহই দানবাকৃতি। সুতরাং তাদের ভরও অনেক হবে। কিন্তু এখানেই বিজ্ঞানীদের সমস্যায় ফেলে দিয়েছে এই জোড়া গ্রহ।

গ্রহ ২টির ভর একেবারেই তাদের আকারের সঙ্গে মানানসই নয়। ছোটদের পছন্দের বুড়ির চুল বা কটন ক্যান্ডি যেমন ফাঁপানো হয়, তেমনই হালকা। ওই ২টি গ্রহই বুড়ির চুলের মত হালকা।

বৃহস্পতিগ্রহের যা ভর তার মাত্র ৩ শতাংশ হল এই বৃহস্পতির আকারের গ্রহ ২টির ভর। বিজ্ঞানীরা এখানেই অবাক। তাঁরা কোনও সমঞ্জস্য খুঁজে পাচ্ছেন না। এটা সম্ভব কীভাবে সেটাও বুঝে উঠতে পারছেন না।

অথচ এমন অতি হালকা সুপার পাফ গ্রহ ২টি তাদের সূর্যকে যথাক্রমে ১৩৯ দিন এবং ২৩২ দিনে প্রদক্ষিণ করে চলেছে। তাদের কক্ষ নির্দিষ্ট। আর এত হালকা হলেও কক্ষে ঘুরে চলার ক্ষেত্রে তাদের কোনও সমস্যা নেই।

একে এমন হালকা গ্রহ এর আগে দেখেননি বিজ্ঞানীরা। তার ওপর একই সূর্যের চারধারে ঘুরতে থাকা একাধিক এমন গ্রহও এর আগে দেখেননি তাঁরা।

পৃথিবীর বাইরে এখন অনেক গ্রহের সন্ধান পাওয়া যায়। তাদের সম্বন্ধে অনেক তথ্যও বিজ্ঞানীরা সংগ্রহ করেন। কিন্তু এত গ্রহের মধ্যে এই ২ সুপার পাফ গ্রহ তাঁদের সবচেয়ে বেশি অবাক করেছে।

Show Full Article