SciTech

মঙ্গলের মাটিতে প্রাচীনতম পাথরের খোঁজ, ৩৯০ কোটি বছর আগে এর জন্মরহস্যও সামনে এল

মঙ্গলগ্রহের মাটিতে ঘুরে বেড়াচ্ছে নাসার রোবট যান পারসিভিয়ারেন্স। সেই পারসিভিয়ারেন্স এবার দেখা পেল মঙ্গলের প্রাচীন পাথরের স্তরের। এই প্রথম এত পুরনো মাটি পাথরের খোঁজ পাওয়া গেল।

লাল গ্রহের সর্বত্র ঘুরে বেড়াতে পারছেনা নাসার যান। অতি সামান্য যে জায়গায় ঘুরছে সেখানেই নিত্যনতুন এমন সব তথ্য পাচ্ছে যা তাক লাগিয়ে দিচ্ছে বিজ্ঞানীদের। মঙ্গলকে চিনতে, তার ইতিহাস জানতে সাহায্য করছে সেসব তথ্য।

পারসিভিয়ারেন্স রোভার জেজেরো ক্রেটার ছেড়ে উঠে এসেছে অনেকদিন হল। এখন তা জেজেরো ক্রেটারের আশপাশের এলাকায় ঘুরে তথ্য সংগ্রহ করছে। আর তা করতে গিয়ে নাসার এই রোবট যান যে খোঁজ পেল তা হতবাক করে দিয়েছে বিজ্ঞানীদের।

এখানে এক জায়গায় মঙ্গলের প্রাচীনতম পাথরের স্তরের খোঁজ পেয়েছে যানটি। ২৪৫ ফুট পুরু এই পাথরের স্তর কীভাবে তৈরি হয়েছে তাও জানতে পেরেছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা ওই তথ্য পরীক্ষা করে দেখেছেন এই স্তর একের পর এক গ্রহাণুর আছড়ে পড়া থেকে তৈরি হয়েছিল। আনুমানিক প্রায় ৩৯০ কোটি বছর আগে মঙ্গলের মাটিতে আছড়ে পড়েছিল অনেক গ্রহাণু। তা থেকেই তৈরি হয় এই প্রাচীন স্তর।

এখনও পর্যন্ত মঙ্গলে মাটি, পাথরের যে স্তরের খোঁজ পাওয়া গেছে, এই প্রাচীন স্তর তাদের মধ্যে সবচেয়ে পুরনো। যে তথ্য মঙ্গলের প্রারম্ভের সময়ের ইতিহাস সম্বন্ধে বিজ্ঞানীদের জানতে সাহায্য করবে।

যে প্রাচীন পাথরের স্তর পাওয়া গেছে তার নামকরণও হয়ে গেছে। বিজ্ঞানীরা তার নাম দিয়েছেন ব্রুম পয়েন্ট মেম্বার। জার্নাল অফ জিওফিজিক্যাল রিসার্চ: প্ল্যানেটস-এ এই তথ্য ও গবেষণা প্রকাশিত হয়েছে।

Show Full Article
nilkantho.in App