৮ মাসের জন্য মহাকাশে ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী, গর্বিত তাঁর জেলার মানুষ
৮ মাসের জন্য মহাকাশে গেলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী অনিল মেনন। আগামী দিনে মহাকাশচারীদের দীর্ঘমেয়াদী মহাকাশযাপনকে নিশ্চিত করা নিয়ে গবেষণা করবেন তিনি।
মহাকাশ যাত্রার ইতিহাসে এবার ভারতীয় বংশোদ্ভূত নাসার এক মহাকাশচারী ভারতবাসীকে গর্বিত করলেন। গর্বিত তাঁর রাজ্য, তাঁর জেলা। অনিল মেনন সেই মহাকাশচারী যিনি ৮ মাস মহাকাশে থাকবেন। সেখানে থেকে নিজের কাজ করবেন।
মহাকাশে বেশিদিন থাকলে শরীরে তার প্রভাব পড়ে। কিন্তু আগামী দিনে দীর্ঘমেয়াদী মহাকাশ যাত্রার কথা ভাবা হচ্ছে। সেক্ষেত্রে টানা মহাকাশযাপন যাতে মানবদেহে প্রভাব না ফেলতে পারে তার উপায় খুঁজতেই অনিল মেনন মহাকাশে গিয়ে গবেষণা চালাবেন। যা আগামী দিনে দীর্ঘদিনের জন্য মহাকাশ যাত্রার পথ প্রশস্ত করবে।
অনিল মেননের পিতা শঙ্করন মেনন ভারতীয়। কেরালার পালাক্কড় জেলার ওট্টাপালামের বাসিন্দা ছিলেন। তিনি আমেরিকায় চলে যান। বিয়ে করেন ইউক্রেনের এলিজাবেথ স্যাময়লেঙ্কো নামে এক মহিলাকে। তাঁদের সন্তান অনিল মেননের জন্ম আমেরিকার মিনেসোটায়। তাঁর পুরো নাম অনিল মহাদেবন স্যাময়লেঙ্কো মেনন।
মেধাবী ছাত্র অনিল একাধারে চিকিৎসক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইউএস স্পেস ফোর্স ফ্লাইট সার্জন এবং পাইলট। পরে তিনি নাসার মহাকাশচারী হিসাবে সামনে আসেন। আন্তর্জাতিক স্পেস স্টেশনে ৮ মাসের জন্য যাত্রায় তাঁর সঙ্গী রাশিয়ার নভশ্চর।
অনিল মেননের মহাকাশ যাত্রা কেরালাকে গর্বিত করেছে। তাঁর জেলাকে গর্বিত করেছে। পালাক্কড় জেলারই বাসিন্দা ছিলেন কিংবদন্তি অভিনেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমজি রামচন্দ্রন। কূটনীতিক, লেখক, রাজনীতিবিদ শশী থারুরের পরিবারও এখানকার বাসিন্দা।
বিখ্যাত কথাকলি শিল্পী রামনকুট্টি নায়ারও এখানকার। ভারতের গগণযাত্রী মহাকাশচারী হিসাবে বেছে নেওয়া প্রশান্ত বালাকৃষ্ণণ নায়ারও পালাক্কড়ের বাসিন্দা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











