SciTech

চাঁদ এবং মঙ্গলে স্থায়ী বসবাসের অনুশীলন, ইচ্ছুকদের আবেদন জানাতে বলছে নাসা

আগামী দিনে চাঁদ এবং মঙ্গলগ্রহে বসবাসের পরিকল্পনা রয়েছে। মানুষ যাতে সেখানকার আবহাওয়া, পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে পারে তার জন্য অনুশীলন শুরু করাচ্ছে নাসা।

চাঁদ এবং মঙ্গলগ্রহে যে মানুষের থাকার একটা স্থায়ী বন্দোবস্ত বিজ্ঞানীরা চাইছেন তা প্রায় সকলের জানা। তা পাকা করতে চাঁদে মানুষ পাঠানোর তোড়জোড়ও চলছে। নাসার আর্টেমিস মিশনের আওতায় মানুষ যাবেন চাঁদে। তার জন্য আগে থেকেই তাঁদের প্রয়োজনীয় যন্ত্রপাতি সব চাঁদে পাঠানো চলছে।

পৃথিবী যদি কোনও কারণে বাসযোগ্য না হয় তাহলে যাতে অন্যত্র বসবাস করা যায় সে ভাবনার হাত ধরেই আপাতত চাঁদ ও মঙ্গলগ্রহের মাটিকে বেছে নিয়েছেন বিজ্ঞানীরা। সেখানেই বসতি স্থাপন করতে চান তাঁরা।

তবে চাঁদ বা মঙ্গলের মাটি, আবহাওয়া, পরিস্থিতি, বায়ুমণ্ডল কিছুই পৃথিবীর মত নয়। তাই সেই আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া সহজ নয়। তবে চেষ্টায় ত্রুটি রাখতে চাইছে না নাসা।

আগামী দিনে চাঁদে বা মঙ্গলে মানুষকে দীর্ঘদিনের জন্য পাঠানোর আগে তা‌রা একটি অনুশীলন পর্ব শুরু করছে। তাতে কেউ অংশ নিতে চাইলে আবেদন করতেই পারেন। তাঁকে স্বেচ্ছাসেবী হিসাবে নেবে নাসা। তাঁদের নাসার জনসন স্পেস সেন্টারে রাখা হবে।

১ বছর ধরে তাঁরা এখানে একদম আলাদা ভাবে থাকবেন। ১ বছর তাঁরা চাঁদ বা মঙ্গলের পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য একদম আলাদা অনুশীলন করবেন। তবে যিনি আবেদন করবেন তাঁদেরই নেওয়া হচ্ছেনা। আবেদন করার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে পরীক্ষা করে দেখবে নাসা।

তাঁদের শারীরিক সুস্থতা এবং নাসার স্থির করা সুস্থতার মাত্রা পার করতে হবে। তারপরই মিলবে অনুমতি। এরপর তাঁদেরকে ১ বছর সব কিছু থেকে আলাদা নাসার এই বিশেষ অনুশীলনের অংশ হয়ে যেতে হবে। তবে এই অনুশীলন অগাস্ট ২০২৭-এর আগে শুরু হবেনা বলেই জানিয়েছে নাসা। নাসা তার ওয়েবসাইটে বিষয়টি পরিস্কার করে দিয়েছে।

Show Full Article