SciTech

শীতকালে মঙ্গলগ্রহে বরফ পড়ে, পারদ ছুঁয়ে ফেলে মাইনাস ১৩০ ডিগ্রি

একটা ঠান্ডা অঞ্চলকে যদি আরও ঠান্ডা করা হয় তাহলে কী হতে পারে তা লাল গ্রহে বেশ অন্যভাবে দেখতে পাওয়া যায়।

মঙ্গলগ্রহ এমনিতেই ঠান্ডা। তার ওপর সেখানেও শীতকাল আসে। আর মঙ্গলগ্রহে শীতকালে পারদ নেমে যায় মাইনাস ১৩০ ডিগ্রিতে। এইসময় সেখানে বরফ পড়তে থাকে। মাটিতেও দ্রুত বরফ জমে যায়। কিন্তু এ বরফ মোটেও পৃথিবীর মত বরফ নয়।

তুষারপাত হলেও তা পৃথিবীর মত নয়। কারণ কার্বন ডাই অক্সাইড। মঙ্গলগ্রহের বাতাসের প্রায় ৯৫ শতাংশই কার্বন ডাই অক্সাইড। মেরু অঞ্চলে শীতের সময় এই কার্বন ডাই অক্সাইড বরফ হয়ে ঝরে পড়ে। মেরু অঞ্চল সে সময় অনেকটাই অন্ধকারাচ্ছন্ন থাকে।

সেখানে এই বরফ আসলে হয় ড্রাই আইস। আবার শুধু মেঘ থেকে ঝরে পড়াই নয়, মাটির ওপর যে কার্বন ডাই অক্সাইড থাকে তাও প্রবল ঠান্ডায় জমাট বেঁধে যায়। তখন মাটির ওপর কিছু ঝরে পড়ে নয়, নিজে থেকেই বরফের চাদর তৈরি হয়।

মঙ্গলে যতদিন শীতকাল থাকে ততদিন পর্যন্ত এই বরফও থাকে। মানে ড্রাই আইস থাকে। পৃথিবীর মত জল থেকে সেখানে বরফ তৈরি হয়না। সরাসরি গ্যাস বরফে পরিণত হয়।

আবার যখন মঙ্গলে বসন্ত আসে তখন উত্তাপ বাড়ে। আর উত্তাপ বাড়লে এই বরফ উবে যেতে থাকে। আর বাতাসে গ্যাস হয়ে ফিরে যেতে থাকে জমাট কার্বন ডাই অক্সাইড।

তবে মঙ্গলগ্রহে যে সারা শীতকাল জুড়েই মাইনাস ১৩০ ডিগ্রি তাপমাত্রা থাকে তা নয়, কোনও কোনও দিন এতটা নিচে নামে পারদ। বিশেষত এত ঠান্ডা লাল গ্রহের মেরু অঞ্চলে দেখা যায়।

Show Full Article