SciTech

বিশেষ খোঁজে অতি শক্তিধর টেলিস্কোপ মহাকাশে পাঠাল নাসা, পাড়ি দেবে ১৬ লক্ষ কিলোমিটার পথ

তার ক্ষমতা এখনও পর্যন্ত যত টেলিস্কোপ মহাকাশে পাঠানো হয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি। মহাশূন্যের কিছু গোপন কথা জানতেই পাড়ি দিল নাসার টেলিস্কোপ।

মহাশূন্যে এমন অনেক কিছু রয়েছে যার কথা বিজ্ঞানীদের ভাল জানা নেই। তাঁরা সেটা জানতে চান। কিন্তু তার জন্য দরকার প্রযুক্তি। মহাশূন্যের গভীর থেকে আরও গভীরে থাকা সত্যকে জানতে মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয়। কেবল যন্ত্রই পারে সে খবর দিতে।

তাই নাসা এবার ৩৮ হাজার ১৫২ কোটি টাকা ব্যয়ে তৈরি একটি টেলিস্কোপ মহাকাশে পাঠাল। এত খরচ করে এখনও পর্যন্ত খুব কমই টেলিস্কোপ মহাকাশে পাঠানো হয়েছে।

এটির নাম দেওয়া হয়েছে ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ। যে বহুমূল্য টেলিস্কোপটি মহাকাশে নিয়ে গেল স্পেসএক্স-এর ফ্যালকন রকেট। কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে পাড়ি দেয় রকেটটি।

এই টেলিস্কোপটি পাড়ি দেবে ১৬ লক্ষ কিলোমিটার পথ। এটির কাজ ৫ বছরের। কিন্তু এটিতে যা জ্বালানি রয়েছে তাতে এটি ১০ বছর পর্যন্ত নিশ্চিন্তে কাজ করার ক্ষমতা ধরে।

এই টেলিস্কোপটি মহাকাশে পাঠানোর পিছনে রয়েছে বিশেষ উদ্দেশ্য। মহাশূন্যের ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি সম্বন্ধে বিজ্ঞানীদের কাছে তথ্য খুব বেশি নেই। এই টেলিস্কোপ সে সম্বন্ধে তথ্য সরবরাহ করবে।

এছাড়া সৌরমণ্ডলের বাইরে থাকা গ্রহগুলির খোঁজ নেবে এই টেলিস্কোপ। মহাকাশ বিজ্ঞানে এই টেলিস্কোপ এক যুগান্ত সৃষ্টি করতে পারে। তাকে যে জন্য পাঠানো হয়েছে তা ঠিকমত করতে পারলে মহাশূন্যের অনেক সত্য সম্বন্ধে অবহিত হতে পারবেন মহাকাশ বিজ্ঞানীরা।

Show Full Article