আবর্জনাই দেখাচ্ছে রাস্তা, ম্যাপ ছাড়াই মহাকাশে পথ পেল নাসা
জিপিএস ছাড়াই পথ চিনল নাসার কৃত্রিম উপগ্রহ। মহাকাশের আবর্জনাকেই মাইলফলক বানিয়ে নিজের অবস্থান বুঝল সে।
ধরা যাক, পৃথিবীর বহু উপরে ছুটছে একটি কৃত্রিম উপগ্রহ। সেখানে নেই কোনও রাস্তা, নেই সাইনবোর্ড, নেই গুগল ম্যাপস। হঠাৎ যদি জিপিএসও কাজ না করে, তাহলে কৃত্রিম উপগ্রহটি বুঝবে কীভাবে সে ঠিক কোথায় আছে?
নাসা এবার সেই প্রশ্নেরই চমকপ্রদ উত্তর দেখাল। সংস্থার স্টারলিং মিশনে ব্যবহৃত ফ্যালকন সিস্টেম প্রথমবার কক্ষপথে অন্য মহাকাশযান এবং মহাজাগতিক আবর্জনাকে দৃশ্যমান ল্যান্ডমার্ক হিসেবে ব্যবহার করে জিপিএস নিরপেক্ষ ন্যাভিগেশন সফলভাবে প্রদর্শন করেছে।
অর্থাৎ কৃত্রিম উপগ্রহ চারপাশে তাকিয়ে চিনেছে অন্য কৃত্রিম উপগ্রহ, ভেসে থাকা পুরনো রকেটের অংশ কিংবা নানা মহাজাগতিক বস্তুকে। তারপর সেগুলির অবস্থান ও গতিপথ হিসাব করে নিজের অবস্থান বোঝার চেষ্টা করেছে।
আর ফলাফলও রীতিমতো অবাক করার মত। মাত্র ৩ দিনের মধ্যেই সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে ২০০-রও বেশি মহাজাগতিক বস্তুর কক্ষপথ অনুমান আরও নিখুঁত করতে পেরেছে।
এই প্রযুক্তির আসল গুরুত্ব ভবিষ্যতের ডিপ স্পেস মিশনে। পৃথিবী থেকে যত দূরে যাওয়া হবে, জিপিএস-এর উপর নির্ভর করা তত কঠিন হবে। তখন মহাকাশযানকে নিজের চারপাশের বস্তু দেখেই ন্যাভিগেশন করতে হতে পারে।
সবচেয়ে অদ্ভুত বিষয় হল, যে মহাকাশের আবর্জনাকে এতদিন কৃত্রিম উপগ্রহের জন্য ভয়ংকর বিপদ বলে ধরা হত, সেই আবর্জনাই ভবিষ্যতে হয়ে উঠতে পারে মহাকাশের মাইলস্টোন।











