SciTech

মঙ্গলের ভিতর কি জ্বলছে প্রাচীন আগুন, তেমনই ইঙ্গিত বিজ্ঞানীদের

মঙ্গলের দক্ষিণের গভীরে উত্তরাংশের তুলনায় ২০০ থেকে ৪০০ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপ। মঙ্গলকে কি এখনও জাগিয়ে রেখেছে তার ভেতরের প্রাচীন আগুন।

মঙ্গলের উপরিভাগ আজ ঠান্ডা, শুষ্ক আর ধুলোময় মরুভূমির মতো। কিন্তু সেই নির্জীব চেহারার বহু কিলোমিটার নিচে এখনও কি লুকিয়ে রয়েছে প্রচণ্ড উত্তপ্ত, আংশিক গলিত শিলা? নতুন এক গবেষণা সেই প্রশ্নকেই আরও জোরাল করে তুলেছে।

ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজির নেতৃত্বে গবেষকেরা কয়েক দশক ধরে ৩টি মঙ্গল মিশন থেকে সংগ্রহ করা মহাকর্ষীয় তথ্য বিশ্লেষণ করেছেন। উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাঁরা দেখেছেন, মঙ্গলের দক্ষিণ অংশের গভীর অন্দরমহল উত্তর অংশের তুলনায় প্রায় ২০০ থেকে ৪০০ ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ হতে পারে।

আরও চমকপ্রদ বিষয় হল, এই অতিরিক্ত তাপের কারণে দক্ষিণ ম্যান্টলের কিছু অংশ এখনও আংশিক গলিত অবস্থায় থাকতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এতদিন মঙ্গলের অভ্যন্তরকে মোটামুটি ২ গোলার্ধে প্রায় একই ধরনের বলে ধরে নেওয়া হত। নতুন ফল সেই ধারনাতেই বড় প্রশ্ন তুলছে।

এই তাপীয় অসামঞ্জস্য কোথা থেকে এল, তার উত্তর এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে গবেষকদের মতে, মঙ্গলের অতীতের আগ্নেয় গতিবিধি, তার হারিয়ে যাওয়া চৌম্বকীয় পরিধি এবং গ্রহটির দীর্ঘ ভূতাত্ত্বিক বিবর্তন বোঝার ক্ষেত্রে এই আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।

একসময় মঙ্গলে নদী, হ্রদ এবং প্রচুর তরল জল ছিল বলে প্রমাণ পাওয়া গেছে। তাই গ্রহটির ভিতরের তাপ কতদিন সক্রিয় ছিল, তা জানা গেলে অতীতে মঙ্গল কতটা বাসযোগ্য ছিল, সেই প্রশ্নের উত্তর আরও পরিস্কার হতে পারে।

Show Full Article