সমুদ্র বরফ উধাও, গরমে নাজেহাল তুষাররাজ্য কুমেরুও, নতুন করে ঘুম উড়েছে বিশেষজ্ঞদের
গরমে রীতিমত নাজেহাল কুমেরু। বরফের রাজ্যেও বেড়ে চলেছে তাপমাত্রার পারদ। যা ২০ ডিগ্রি ছুঁয়েছে। উধাও হয়েছে ফ্রান্সের সমান সমুদ্র বরফ।
তুষাররাজ্য কুমেরু। জমে আছে বিপুল পরিমাণ বরফ। বরফ থাকা অবশ্যই পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য জরুরি। কিন্তু সে বরফে এখন উষ্ণতার ছোঁয়া। গত কয়েক বছর ধরেই কুমেরুর বরফ গলা নিয়ে চিন্তায় বিশেষজ্ঞেরা। ভয় সমুদ্রের জলস্তর বৃদ্ধির। এবার সেই চিন্তাকে আরও বাড়িয়ে দিল একটি চমকে দেওয়ার মত ঘটনা।
অ্যান্টার্কটিকা বা কুমেরুতে যেখানে সমুদ্রের ওপর শীতের বরফ জমে থাকে এমন এক ফ্রান্স দেশের মত বিশাল জায়গা জুড়ে জল বেরিয়ে পড়েছে। বরফের স্তর উধাও। ফ্রান্সের সমান বরফের স্তর উধাও হওয়া মানে তা গলে যাওয়া। যা বিশেষজ্ঞদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে।
বিশ্ব উষ্ণায়নে অনুঘটক হয়ে দেখা দিয়েছে এল নিনো। এই এল নিনোর প্রভাবও ইতিমধ্যেই বিশ্বজুড়ে পড়তে শুরু করেছে। গরমে কাবু বিশ্ববাসী। সে গরম আরও বাড়বে বলেই পূর্বাভাস।
এরমধ্যেই দেখা গেল কুমেরুর মত অতি শীতল স্থানে পারদ চড়েছে ২০ ডিগ্রিতে। যাকে বলা হচ্ছে কুমেরুতে শীতকালীন তাপপ্রবাহ। তার প্রভাবে যে বরফ গলবে সেটাই স্বাভাবিক। আর সেটাই চিন্তায় ফেলে দিয়েছে বিজ্ঞানীদের।
পশ্চিম কুমেরুতে এই ফ্রান্সের সমান এলাকা জুড়ে বরফ হারিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত অস্বাভাবিক বলে মেনে নিচ্ছেন বিশেষজ্ঞেরা। এই পারদ চড়তে থাকা যেমন বরফ গলে সমুদ্রের জলস্তর বাড়িয়ে দেবে, তেমনই তা পেঙ্গুইন সহ কুমেরুতে বসবাসকারী প্রাণিদের জন্য এবং সেখানকার সামগ্রিক বাস্তুতন্ত্রের জন্য ভয়ংকর বলে দুশ্চিন্তা ব্যক্ত করছেন বিশেষজ্ঞেরা।










