সংযোগ হারাল লাল গ্রহের খবর নিতে যাওয়া নাসার যান, আশা ছাড়ল নাসা
এটি পাড়ি দিয়েছিল ১ বছরের জন্য। ১ বছর কাজ করে এর কাজ শেষ হবে। সেখানে এটি ১১ বছর কাজ করে ফেলল। তারপর আচমকাই হারিয়ে গেল সব সংযোগ। আশা ছাড়ল নাসা।
মঙ্গলগ্রহের আবহাওয়া এবং সময়ের সঙ্গে তার বিবর্তন সম্বন্ধে জানতে ২০১৩ সালের ১৮ নভেম্বর লাল গ্রহের দিকে পাড়ি দিয়েছিল নাসার যান ‘মাভেন’ বা দ্যা মার্স অ্যাটমোস্ফিয়ার অ্যান্ড ভোলাটাইল ইভোলিউশন। ২০১৪ সালের ২১ সেপ্টেম্বর যানটি মঙ্গলগ্রহের কক্ষে প্রবেশ করে। কাজ ছিল মঙ্গলের চারধারে প্রদক্ষিণ করতে করতে সে যাবতীয় খবর সংগ্রহ করবে।
নাসার বিজ্ঞানীরা এই যানটিকে পাঠিয়েছিলেন ১ বছর এটি তার কাজ করবে এই আয়ু স্থির করে। কিন্তু ১ বছর পার করেও মাভেন তার কাজ চালিয়ে যেতে থাকে। মাভেনের সঙ্গে যাবতীয় সংযোগ থাকায় বিজ্ঞানীরাও তথ্য পেতে থাকেন। আর এভাবেই কেটে যায় ১১ বছর।
পাঠানো হয়েছিল ১ বছরের জন্য, কিন্তু ১১ বছর টানা কাজ চালিয়ে যাওয়ার পর ২০২৫ সালের ৬ ডিসেম্বরে হঠাৎই নাসার সঙ্গে যাবতীয় সংযোগ হারায় মাভেন।
অনেক চেষ্টা চালাতে থাকেন বিজ্ঞানীরা। যদি ফের সংযোগ প্রতিষ্ঠা করা সম্ভব হয়। এজন্য গত ফেব্রুয়ারি মাসে একটি কমিটিও গঠন করা হয়। যারা মাভেনের সঙ্গে সংযোগ স্থাপন আদৌ সম্ভব কিনা তা খতিয়ে দেখে।
সবদিক খতিয়ে দেখে কমিটি রিপোর্টে জানায়, মাভেনের সঙ্গে সম্পর্ক আর তৈরি হওয়া প্রায় অসম্ভব। মাভেনের কর্মক্ষমতা শেষ হয়েছে। শেষ হয়েছে তার ব্যাটারিও। অনেক চেষ্টার পরও মাভেনের সঙ্গে আর সম্পর্ক তৈরি করতে না পেরে অবশেষে এই মিশনের সমাপ্তি ঘোষণা করে দিল নাসা।
তবে নাসা এও জানিয়েছে, মাভেন তাদের মঙ্গলগ্রহ নিয়ে যে তথ্য সরবরাহ করে গেছে তা আগামী দিনে মঙ্গলে মানুষ পাঠানোর প্রক্রিয়া ও ব্যবস্থাপনায় প্রভূত সাহায্য করবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











