National

মহিলা সংরক্ষণ বিলে বাধা ভ্রূণহত্যার শামিল, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধানমন্ত্রী

জাতির উদ্দেশ্যে ভাষণে মহিলা সংরক্ষণ বিলে বাধাদান ভ্রূণহত্যার শামিল বলে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহিলা সংরক্ষণ নিশ্চিত করতে তাঁদের চেষ্টা থেমে থাকবেনা বলেও জানালেন প্রধানমন্ত্রী।

মহিলা সংরক্ষণ বিল সংসদে পাশ হওয়ার জন্য দরকার ছিল ৬৬ শতাংশ ভোট। কিন্তু সংসদে ভোটাভুটিতে তা না পাওয়ায় থমকে গেল সরকারের আনা মহিলা সংরক্ষণ বিল। আটকে গেছে ডিলিমিটেশন সংক্রান্ত উদ্যোগও। যার পরে এদিন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে কংগ্রেস, তৃণমূল, ডিএমকে এবং সমাজবাদী পার্টিকে নিশানা করেন।

এই বিলের বিরোধিতা করে দেশের নারী শক্তির উড়ানকে স্তব্ধ করে দেওয়া হল বলে দাবি করেন প্রধানমন্ত্রী। সংসদে এই সংশোধনী বিলটি পাশ না করাতে পারার জন্য দেশের মহিলাদের কাছে ক্ষমাও চেয়ে নেন তিনি।

কংগ্রেস, তৃণমূল, ডিএমকে এবং সমাজবাদী পার্টির বিরুদ্ধে খোলাখুলি আক্রমণে যান প্রধানমন্ত্রী। তাঁর মতে, এই দলগুলি দেশহিত নয়, দলহিতে ব্যস্ত। এদের পরিবারবাদী দল বলেও নিশানা করেন তিনি।

মহিলা সংরক্ষণ বিল আটকে দেওয়াকে ভ্রূণহত্যার সমতুল বলে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। এই বিলের বিরোধিতা করে মহিলাদের অধিকার কেড়ে নিল কংগ্রেস ও সহযোগী দলগুলি, এমনই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মহিলারা এই অপমান ভুলে যাবেননা। কারণ তাঁরা সত্যিটা জানেন।

এই পবিত্র প্রয়াস রুখে দিয়ে কংগ্রেস পাপ করেছে এবং তার প্রায়শ্চিত্ত তাদের করতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এমনকি কংগ্রেসকে পরজীবী দল বলেও নিশানা করেন তিনি। ডিলিমিটেশন নিয়ে কংগ্রেস ইংরেজদের কাছ থেকে শেখা ডিভাইড অ্যান্ড রুল চালাচ্ছে বলেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।

কংগ্রেসকে উন্নয়ন বিরোধী দল বলে ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, যখনই দেশের উন্নয়নের জন্য কোনও পদক্ষেপ করার চেষ্টা হয়েছে তখনই কংগ্রেস তার বিরোধিতায় উঠেপড়ে লেগেছে। এদিন প্রধানমন্ত্রীর মুখ্য নিশানাই ছিল কংগ্রেস।

মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর জন্য সংসদে দুই তৃতীয়াংশ সমর্থনের দরকার ছিল। কিন্তু তা পেতে ব্যর্থ হয়েছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। তবে এখানেই মহিলা সংরক্ষণ নিশ্চিত করার চেষ্টা থেমে যাবেনা বলে এদিন দেশের মহিলাদের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *