National

দেশে প্রথম গড়াল এই নতুন জ্বালানির ট্রেন, ইতিহাস গড়ে সবুজ যাত্রা শুরু করল ভারতীয় রেল

এই ট্রেন ভারতবাসী এর আগে দেখেননি। এই প্রথম ভারতে যাত্রা করল এমন এক ট্রেন। যাত্রা আরম্ভ করালেন প্রধানমন্ত্রী। ভারতীয় রেলে এক নতুন যুগের সূচনা হল।

ভারত এর আগে এমন ট্রেন দেখেনি। এমন জ্বালানিতে এর আগে কোনও ট্রেন ভারতে যাত্রা করেনি। তাই সেদিক থেকে এটা একটা ইতিহাস। ভারতীয় রেলের ইতিহাসে ২০২৬ সালের ১৭ জুলাই তাই স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

এদিন হরিয়ানার ঝিন্দ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পতাকা নেড়ে এই ট্রেনের প্রথম যাত্রার সূচনা করেন। ভারতে এর আগে এমন পরিবেশ বান্ধব ট্রেন যাত্রা হয়নি। কারণ এর জ্বালানিই আলাদা। যে জ্বালানিকে বলা হয় সবচেয়ে দূষণহীন জ্বালানি।

জ্বালানির নাম হাইড্রোজেন। আর ভারত এদিন পেল তার প্রথম হাইড্রোজেন জ্বালানি সেল চালিত হাইড্রোজেন ট্রেন। যেখানে হাইড্রোজেন সেল নিজেই প্রয়োজনীয় জ্বালানি তৈরি করে নিয়ে ট্রেনকে এগিয়ে নিয়ে যাবে। বাতাসে যে ধোঁয়া মিশবে তা নিছক জলীয়বাষ্প। মানে এই ট্রেন চলার সময় যে বাষ্প নির্গত করবে তা দূষণহীন জলীয়বাষ্প।

এদিন দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনটি ঝিন্দ থেকে সোনিপত পর্যন্ত যাত্রা করে ২ ঘণ্টায়। ৯০ কিলোমিটার পথ অতিক্রম করতে তার ২ ঘণ্টা সময় লাগে।

৩ হাজার ২০০ অশ্বশক্তি চালিত এই ট্রেন তার প্রথম সফরে চাকা গড়ানোর পরই ভারত পৃথিবীর সেই হাতেগোনা দেশের তালিকায় নাম তুলে ফেলল যেসব দেশে হাইড্রোজেন ট্রেন রয়েছে। প্রসঙ্গত এই ট্রেনটি তৈরি হয়েছে সম্পূর্ণ দেশিয় প্রযুক্তিতে।

এই ঐতিহাসিক ট্রেনের যাত্রা শুরুর পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিয়ানায় ১৪ হাজার ৭০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পেরও উদ্বোধন করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article