জঞ্জাল রঙিন হবে, রক্ষিত হবে পরিবেশ, প্রধানমন্ত্রীর বক্তব্যে জায়গা পেল কিছু রংবাহারি বেঞ্চ
প্রধানমন্ত্রীর বক্তব্যে জায়গা করে নিল একটি জেলা। সেই জেলার স্কুল থেকে পার্কের কিছু রঙিন বেঞ্চ। যা রক্ষা করছে পরিবেশ।
মাসের শেষ রবিবার মানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত। যে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের নানা দিকের কথা তুলে ধরেন। তুলে ধরেন সাফল্যের কথা। এবার মন কি বাত অনুষ্ঠানে অনেক কিছুর সঙ্গে জায়গা পেল কিছু রংবাহারি বেঞ্চ।
দেখতে সুন্দর এই নানা রঙের বেঞ্চ শুধুই বসার জন্য এক শক্তপোক্ত আসন নয়, তার পিছনে লুকিয়ে আছে পরিবেশ রক্ষা, নাগরিক সচেতনতা ও আগামী প্রজন্মকে সুস্থ জীবন দেওয়ার কাহিনি। যা আগামী দিনকে ওই বেঞ্চগুলির মতই সুন্দর করে তুলতে পারে। এ নিয়ে কথা বলতে গিয়ে বিহারের সীতামারি জেলার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
সীতামারি জুড়ে শুরু হয়েছে ওয়েস্ট টু ওয়েলথ বা জঞ্জাল থেকে সম্পদ অভিযান। যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১ বার ব্যবহারযোগ্য প্লাস্টিক সংগ্রহ করা হচ্ছে। যে প্লাস্টিক ব্যবহার করতে সরকার, পরিবেশবিদ সকলের তরফ থেকে মানা করা হচ্ছে। যা নর্দমা আটকে জল জমার যন্ত্রণা বাড়াচ্ছে, নিকাশি নালাগুলিকে অচল করে দিচ্ছে, জমির উর্বরতা নষ্ট করে দিচ্ছে।
এই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের হাত থেকে মুক্তি পেতে এমন ধরনের প্লাস্টিক জেলার নানা প্রান্ত থেকে সংগ্রহ করে সেগুলি ধুয়ে পরিস্কার করা হচ্ছে। তারপর বিভিন্ন পদ্ধতির মধ্যে দিয়ে সেগুলিকে নিয়ে গিয়ে যে প্লাস্টিক পাওয়া যাচ্ছে তা দিয়ে রঙিন বেঞ্চ বানানোর উদ্যোগ নিয়েছে সীতামারি প্রশাসন।
যে বেঞ্চগুলি বিভিন্ন সরকারি স্কুল, পার্ক সহ নানা জায়গায় রাখা হচ্ছে। শক্তপোক্ত এই বেঞ্চগুলিতে ছাত্র থেকে সাধারণ মানুষ বেশ আয়েশ করে বসতেও পারছেন।
১টি বেঞ্চ তৈরি হচ্ছে ৪০ কেজি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দিয়ে। সীতামারির বিভিন্ন ব্লক থেকে ৮ হাজার কেজি এমন প্লাস্টিক সংগ্রহ করা হয়েছে। যার ৪ হাজার কেজিকে কাজে লাগিয়ে ইতিমধ্যেই রঙিন ৮৫টি এমন টেকসই শক্তপোক্ত বেঞ্চ বানিয়ে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাঁর মন কি বাত অনুষ্ঠানে।











