National

উত্তম কুমারকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী, বললেন মহানায়কের বাড়ির পাশ দিয়ে যাওয়ার কথা

বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তম কুমারকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তম কুমারের সঙ্গে সত্যজিৎ রায়ের সংযোগের কথাও বললেন তিনি।

মহানায়ক উত্তম কুমারের নাম এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এ প্রধানমন্ত্রী বাংলার মহানায়ককে স্মরণ করেন।

এদিন ছিল মন কি বাত-এর ১৩৭ তম পর্ব। উত্তম কুমারের শততম জন্মবার্ষিকী আগামী ৩ সেপ্টেম্বর। তার আগে উত্তম কুমার সম্বন্ধে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, উত্তম কুমার তাঁর কাজ দিয়ে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।

প্রথম জীবনে তেমন সাফল্য না পেলেও পরে তাঁর প্রচেষ্টাকে হাতিয়ার করে তিনি নিজেকে মহানায়কের জায়গায় নিয়ে যান। তিনি ছিলেন বহুমুখী অভিনয় প্রতিভার অধিকারী। উত্তম কুমার তাঁর কাজ দিয়ে আপামর জনগণের মনের গভীরে নিজের জায়গা করে নিয়েছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, এমন শোনা যায় যে সত্যজিৎ রায় নায়ক সিনেমাটি উত্তম কুমারকে মাথায় রেখেই তৈরি করেছিলেন। উত্তম কুমার ছিলেন হার না মানা এক মানুষ।

উত্তম কুমার চেষ্টা করেছেন। হার মানেননি। সেটাই তাঁকে মহানায়ক করেছে। সকল মানুষের হৃদয়ে চিরদিনের জন্য জায়গা করে নিয়েছেন। উত্তম কুমারের জীবন মানুষকে শেখায় কখনও হাল ছেড়ো না।

প্রধানমন্ত্রী এও বলেন, তিনি কলকাতায় রোড শো করার সময় উত্তম কুমারের বাড়ির পাশ দিয়ে গিয়েছিলেন। সে সময় তাঁকে কেউ একজন উত্তম কুমারের একটি ছবিও উপহার দিয়েছিলেন।

জীবনে ২৫০টির মত সিনেমায় অভিনয় করেছেন উত্তম কুমার। প্রথম জীবনে তাঁর নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়। পরে সিনেমায় তিনি উত্তম কুমার নামটি ব্যবহার করতেন।

Show Full Article