World

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে একগুচ্ছ উপহার দিলেন প্রধানমন্ত্রী, কি ছিল তালিকায়

ইন্দোনেশিয়া সফরে গিয়ে সে দেশের প্রেসিডেন্টকে একগুচ্ছ উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি ছিল সেই উপহারের ডালিতে যা তুলে ধরল ভারতীয় শিল্পকে।

ইন্দোনেশিয়া সফরে গিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর হাতে একগুচ্ছ উপহার তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে উপহারের তালিকা বেশ নজরকাড়া। যেখানে ভারতীয় শিল্পের ঐতিহ্য ফুটে উঠেছে। ফুটে উঠেছে ভারতের নিজস্ব স্বাদ।

ভারতের চা বিশ্ববিখ্যাত। সেই চায়ের আবার অনেক ধরন রয়েছে। অসমের সবচেয়ে ভাল চা বলা হয় মনোহারি গোল্ড টি-কে। চা প্রেমীদের কাছে যার স্বাদ সেরা। সেই মনোহারি গোল্ড টি ছিল উপহারের তালিকায়।

এই চা কিন্তু সাধারণ চা নয়। বিশ্বের সবচেয়ে ভাল চা বলা যেতেই পারে। যা চায়ের কুঁড়ি থেকে তৈরি হয়। শুকোনো হয় সূর্যের তাপে। মেশিন নয়, এই চা তৈরি হয় হাতের গুণে। যা এই চায়ের রংকে সোনালি রূপ দেয়। সেই বিরল চা প্রধানমন্ত্রী তুলে দেন সুবিয়ান্তোর হাতে। ভারতে দৈনিক হিসাবে মাত্র ২৫ গ্রাম এই চা উৎপাদিত হয়।

চায়ের পাশাপাশি উত্তরাখণ্ডের আপিয়ান শিল্পের ছোঁয়ায় তৈরি ভগবান শিবের ছবি তুলে দেন প্রধানমন্ত্রী। যার চারধারে ছিল মহাজাগতিক শক্তির প্রতিরূপ হিসাবে কিছু মোটিফ। উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলের প্রাচীন শিল্প এই আপিয়ান। টেরাকোটা লাল বেসের ওপর চালের গুঁড়োর পেস্ট দিয়ে তৈরি সাদা রংয়ের চিত্র।

কাশ্মীরের পারম্পরিক পেপার ম্যাশে পাত্র হল কাশ্মীরের প্রাচীন হস্তশিল্পের এক অপরূপ নিদর্শন। কাগজের মণ্ডের ওপর নকশার কাজ। হাতে আঁকা ফুল, পাখি, আলঙ্কারিকের ওপর চকচকে ল্যাকার দেওয়া। যা এগুলির সৌন্দর্যও বাড়ায় আবার টেকসইও করে।

ঐতিহ্যশালী রিপুসে রূপোর প্লেট ছিল আরও এক উপহার। এই রূপোর কাজের গোল থালার মাঝে থাকে পদ্ম। চারধারে গোল করে থাকে হাতি। এগুলি থালার পিছনে ঠুকে ঠুকে ফুটিয়ে তোলা হয়।

শুধু ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নন, ইন্দোনেশিয়ার পার্লামেন্টের স্পিকার পুয়ান মহারানীর হাতে ওড়িশার ইকাত সিল্ক শাড়ি উপহার হিসাবে তুলে দেন প্রধানমন্ত্রী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article