উৎসবের মরসুম আসছে, কেনাকাটার সময় একটি বিষয়ে জোর দিতে বললেন প্রধানমন্ত্রী
উৎসবের মরসুম এসে গেল। আর উৎসব মানেই কেনাকাটা। সেই কেনাকাটার সময় একটি বিষয়ে জোর দিতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বর্ষা বিদায়ের সঙ্গে তাল মিলিয়ে ভারতজুড়ে শুরু হয়ে যায় একের পর এক উৎসব। সেই উৎসব দরজায় কড়া নাড়ছে। উৎসবের আগে একটা অন্য উৎসবে মেতে ওঠেন সকলে। সেটা হল উৎসবকে কেন্দ্র করে কেনাকাটা।
বাঙালির দুর্গাপুজোকে কেন্দ্র করে সেপ্টেম্বর থেকেই বাজারগুলিতে মানুষ ঢল নজর কাড়বে। শুরু হয়ে যাবে পুজোর কেনাকাটা। এমনভাবে গণেশ পুজো, দিওয়ালী সহ উৎসবগুলির আগে চলে কেনাকাটা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই উৎসবের কেনাকাটাকে সামনে রেখে এবার তাঁর মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর কাছে বিশেষ অনুরোধ জানালেন।
প্রধানমন্ত্রী এদিন দেশবাসীকে তাঁরই দেওয়া ভোকাল ফর লোকাল মন্ত্রের কথা মনে করিয়ে দেন। বলেন, উৎসবের কেনাকাটার সময় যেন সাধারণ মানুষ ভারতে তৈরি জিনিসপত্র কেনায় জোর দেন।
প্রধানমন্ত্রী বলেন, উৎসব কেবল পরম্পরা রক্ষা করাই নয়, তার সঙ্গে এর হাত ধরে মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন তৈরি হয়। এই উৎসবের শুরু হয়ে যাবে জন্মাষ্টমী থেকে।
তারপর রয়েছে বিশ্বকর্মা পুজো। তারপর আরও নানা উৎসব। এই সময় দেশের হস্তশিল্পী, কারিগর এবং সমাজে ছড়িয়ে থাকা বিশ্বকর্মা বন্ধুদের কথা যেন মাথায় রাখেন সকলে। এই অনুরোধ করেন প্রধানমন্ত্রী।
দীপাবলির সময় মাটির প্রদীপ কেনার কথাও বলেন প্রধানমন্ত্রী। তাছাড়াও দীপাবলি উপলক্ষে যা কেনাকাটা করা হবে তা যেন ভারতে তৈরি জিনিস হয় সেদিকটা খেয়াল রাখার অনুরোধ করেন তিনি।
এমনকি মানুষকে ভোকাল ফর লোকাল মন্ত্রে উদ্বুদ্ধ করতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে সেলেব্রিটি সকলকে এগিয়ে আসার কথাও বলেন প্রধানমন্ত্রী।











