SciTech

যাদুঘরে লুকিয়ে ছিল তুষার যুগের হারানো ব্যাঙ, মিলল নতুন প্রজাতির সন্ধান

১৯৫০-এর দশকে সংগ্রহ করা ছোট্ট একটি জীবাশ্ম ফের পরীক্ষা করতেই চমকে গেলেন বিজ্ঞানীরা। তুষার যুগ থেকে সামনে এল সম্পূর্ণ নতুন এক বিলুপ্ত উভচর।

নতুন কোনও প্রাণির সন্ধান পেতে দুর্গম জঙ্গল, গভীর সমুদ্র কিংবা অজানা গুহায় অভিযান চালাতে হবে এমন কোনও নিয়ম নেই। কখনও কখনও বড় আবিষ্কার বছরের পর বছর নিঃশব্দে পড়ে থাকতে পারে কোনও যাদুঘরের সংগ্রহে।

আমেরিকার লস অ্যাঞ্জেলসের একটি যাদুঘরে ঠিক তেমন ঘটনাই ঘটেছে। প্রায় ৭ দশক আগে সংগ্রহ করা উভচর প্রাণির জীবাশ্ম ফের পরীক্ষা করতে গিয়ে গবেষকেরা এমন একটি প্রাণিকে সনাক্ত করেছেন, যার অস্তিত্ব সম্পর্কে এতদিন বিজ্ঞানীদের কোনও ধারনাই ছিল না।

প্রাণিটি একধরনের ব্যাঙ। এটি বর্তমানে বিলুপ্ত এবং তুষার যুগে এখনকার লস অ্যাঞ্জেলস এলাকায় বাস করত বলে গবেষকেরা জানিয়েছেন। এই আবিষ্কার আরও আকর্ষণীয় হয়ে উঠেছে তার পিছনের গল্পের কারণে।

এক গবেষক তুলনামূলক ভাবে কম গবেষণা হওয়া উভচর ও সরীসৃপদের নিয়ে পরীক্ষা করছিলেন। নতুন কোনও প্রজাতি খুঁজে বার করার উদ্দেশ্য তাঁর ছিল না। সেই সময় একটি অসম্পূর্ণ ছোট্ট হাড় তাঁর নজরে পড়ে।

হাড়টি ছিল প্রাণিটির মেরুদণ্ডের গোড়া ও পেলভিসের সঙ্গে যুক্ত অংশের। প্রথমে ওই গবেষকের মনে হয়েছিল, হয়ত কোনও পরিচিত ব্যাঙ জীবিত অবস্থায় অসুস্থ বা আহত হয়েছিল, সেই কারণেই হাড়টির গঠন অন্যরকম দেখাচ্ছে। কিন্তু যত পরীক্ষা এগোয়, সন্দেহ তত দৃঢ় হয়।

তবে শুধু একটি অস্বাভাবিক হাড় দেখেই নতুন প্রজাতি ঘোষণা করেননি বিজ্ঞানীরা। ওই হাড়টিকে মোট ৮০টি আধুনিক নমুনার সঙ্গে তুলনা করেন বিজ্ঞানীরা। হাড়ের আকার ও গঠনের বিস্তারিত তুলনায় শেষপর্যন্ত দেখা যায় এটি পরিচিত কোনও ব্যাঙ নয়। সম্পূর্ণ আলাদা এক প্রজাতি।

Show Full Article
nilkantho.in App