হারিয়ে গিয়েছিলেন পাহাড়ি জঙ্গলে, ৩টি শব্দ ১০ হাজার বার চিৎকার করে বলেন তিনি
পথ হারিয়ে পাহাড়ি জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন। তারপর সেই অবস্থায় কাটে ১১টা দিন। এই সময়কালে ৩টি মাত্র শব্দ ১০ হাজার বার চিৎকার করে বলেছেন হারিয়ে যাওয়া ব্যক্তি।
একটি দ্বীপ। যেখানে খুব একটা মানুষের যাতায়াত নেই। যাঁরা পাহাড়ি পথে হাঁটতে পছন্দ করেন, ছোট ছোট পাহাড়ে চড়েন, জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেন দুর্গমতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে, তেমন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ এসে থাকেন এখানে। তেমনই এক ব্যক্তি একাই এসেছিলেন এখানে জঙ্গল ঘেরা পাহাড়ি পথে হাঁটতে।
কিছু মানুষ তাঁর সঙ্গে হাঁটছিলেন। একটা পথ রয়েছে। সেই পথ ধরেই হাঁটা নিয়ম। কিন্তু একসময় ওই ব্যক্তি কোনওভাবে সকলের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। রাস্তাও হারিয়ে ফেলেন। তারপর জঙ্গল আর পাহাড়ে হারিয়ে যান।
হারিয়ে যে গেছেন সেটা বুঝতে পেরে তিনি বাঁচার ও ফেরার পথ খুঁজতে থাকেন। তাঁর উজ্জ্বল কমলা রংয়ের তাঁবুটি একটি ফাঁকা জায়গায় খাটিয়ে রাখেন। যদি আকাশপথে খোঁজ করলে নজরে পড়ে।
সেই সঙ্গে কেউ যদি কোথাও থেকে শুনতে পান তাঁর আর্তি সেই আশায় তিনি ৩টি শব্দ বলে মাঝেমাঝেই চিৎকার করতে থাকেন। ৩টি শব্দ হল ‘হেল্প আইয়্যাম লস্ট’। এই ৩টি শব্দের বাইরে আর কোনও কথা বলে চেঁচাননি তিনি।
২ দিনে ১ বার খেয়ে সঙ্গে থাকা খাবার বাঁচিয়ে রেখেছিলেন। বেঁচে থাকার প্রয়োজনটুকু খাচ্ছিলেন। জলও মাপা। তাও আবার সঙ্গে থাকা জল পরিস্রুত করার ট্যাবলেট ফেলে।
এভাবেই ১১ দিন আমেরিকার লেক সুপিরিয়র-এর মাঝে মিশিগানের একটি দ্বীপে কাটিয়ে দেন ওই ৭০ বছরের বৃদ্ধ ব্যক্তি। বাড়ির লোকজন তিনি না ফেরায় প্রশাসনকে সব জানান। প্রশাসন খোঁজ শুরু করে অবশেষে ওই দ্বীপ থেকে বৃদ্ধকে উদ্ধার করে। বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে।











