National

রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্র, বদলাচ্ছে নিয়ম

উৎসবের মরসুমের মুখে রান্নার গ্যাস নিয়ে নতুন এক ঘোষণা করল কেন্দ্র। এই নতুন ঘোষণায় হরমুজ সমস্যার সময়ের একটি নিয়মে বদল আনল সরকার।

হরমুজ প্রণালী দিয়ে রান্নার গ্যাস নিয়ে যাতায়াতে সমস্যা। পশ্চিম এশিয়ায় অস্থিরতার সরাসরি প্রভাব পড়েছিল আমজনতার হেঁশেলে। দেশজুড়ে গ্যাস নিয়ে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল। গ্যাস আদৌ পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল।

সরকার তখন গ্যাসের বুকিংয়ে কড়াকড়ি করে। সেটা কিছুটা শিথিল হলেও নিয়ম হয় শহরাঞ্চলে একটা গ্যাস সিলিন্ডার পাওয়ার পর ২৫ দিনের আগে কোনও নতুন সিলিন্ডার বুক করা যাবেনা।

সেই বুকিং আবার গ্রামাঞ্চলের ক্ষেত্রে আলাদা হয়। গ্রামে একটা সিলিন্ডার পাওয়ার পর ৪৫ দিনের আগে গ্যাস বুকিং করা যেত না। এবার উৎসবের মরসুমের আগে সেই নিয়মে বদল করল সরকার।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন, এখন গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে শহর ও গ্রামে আর কোনও ফারাক থাকছে না। অর্থাৎ শহরেও যেমন একটি সিলিন্ডার পাওয়ার পর ২৫ দিন বাদে নতুন সিলিন্ডার বুক করা যাচ্ছে, ঠিক তেমনই গ্রামাঞ্চলের ক্ষেত্রেও এবার থেকে একটি সিলিন্ডার পাওয়ার পর ২৫ দিন পার করলেই নতুন সিলিন্ডার বুক করা যাবে। ৪৫ দিন পরের নিয়ম আর থাকছে না।

রান্নার গ্যাসের যোগান এখন অনেকটাই স্বাভাবিক। যেহেতু গ্যাসের যোগান যথেষ্ট রয়েছে, তাই শহর ও গ্রামের ক্ষেত্রে দেশজুড়ে আর বুকিং বৈষম্যটা রইল না।

শহর হোক বা গ্রাম, সর্বত্রই আগামী দিনে একটি সিলিন্ডার পাওয়ার ২৫ দিন পর বুকিং করা যাবে আরও একটি সিলিন্ডারের জন্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article