অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, চান না প্রচার
একটা অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী। তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর এই হাসপাতালে ভর্তি নিয়ে প্রচার চাইছেন না মিঠুন।
মহাতারকা মিঠুন চক্রবর্তী হাসপাতালে ভর্তি। বর্ষীয়ান এই অভিনেতা শুধু অভিনেতাই নন, বিজেপি নেতাও। একটি ছোট অপারেশন সম্পূর্ণ করতে তিনি কলকাতার একটি হাসপাতালে ভর্তি। তাঁকে দেখতে হাসপাতালে হাজির হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কথা বলেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে।
পরে মুখ্যমন্ত্রী জানান, শারীরিক অসুস্থতার কারণে মিঠুন চক্রবর্তী কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি হাসপাতালে গিয়ে মিঠুনের শারীরিক অবস্থার খোঁজ নেন। ঈশ্বরের কাছে অভিনেতার দ্রুত আরোগ্যও কামনা করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এটাও স্পষ্ট করেছেন, মিঠুন চক্রবর্তী তাঁর অসুস্থতা বা কি হচ্ছে এসব নিয়ে কোনও প্রচার চাইছেন না। তবে মিঠুন দ্রুত সুস্থ হয়ে হাসপাতালে থেকে ছাড়া পাবেন বলেও জানান শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত মিঠুন চক্রবর্তী মাঝে কিছু অসুস্থতায় ভুগেছেন ঠিকই, তার সঙ্গে নিজের শ্যুটিংও চালিয়ে গেছেন। একসময় তৃণমূলের রাজ্যসভার সদস্যও ছিলেন মিঠুন চক্রবর্তী।
মিঠুন চক্রবর্তী বাংলার মানুষের কাছে এক আইকন। একটা সময় বাংলা থেকে বলিউডে গিয়ে মহাতারকা হয়ে ওঠা মিঠুন তাঁর অভিনয় প্রতিভার জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন।
মিঠুন একাধারে হিন্দি ও বাংলা ছবিতে তাঁর অভিনয় দিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন। বিখ্যাত পরিচালক মৃণাল সেনের হাত ধরে পর্দায় হাতেখড়ি। তারপর বলিউড কাঁপানো একের পর এক হিট সিনেমা মিঠুনকে গোটা দেশের হার্টথ্রব করে তোলে। এমনকি ভারতের বাইরে রাশিয়াতেও মিঠুন চক্রবর্তীর অসংখ্য অনুরাগী রয়েছেন।












