বাংলার জন্য গর্বের, কলকাতার সংস্থা পেল নবরত্ন প্রতিষ্ঠানের তকমা
এটা অবশ্যই কলকাতার জন্য গর্বের। কলকাতার এক রাষ্ট্রায়ত্ত সংস্থা পেল দেশের নবরত্ন প্রতিষ্ঠানের সম্মান। ভারতীয় নৌসেনার অন্যতম ভরসার মুকুটে নতুন পালক।
দেশের নবরত্ন প্রতিষ্ঠান হওয়ার সম্মান পেল কলকাতার একটি পুরনো রাষ্ট্রায়ত্ত সংস্থা। যা ভারতীয় নৌসেনার সবচেয়ে বড় ভরসাও। কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স অবশেষে পেল নবরত্ন প্রতিষ্ঠান হওয়ার সম্মান।
এরফলে আগামী দিনে সরকারি অনুমোদনের অপেক্ষা না করেও এই সংস্থা মোটা অঙ্কের বিনিয়োগ করতে পারবে। যার হাত ধরে আরও দ্রুত এখানকার কাজ এগোতে পারবে।
নবরত্ন সংস্থার তকমা আগামী দিনে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স-এর জাহাজ তৈরির ক্ষমতা বাড়াবে। এখন যে সংস্থা ২৮টি জাহাজ তৈরি করতে পারে, তা আগামী দিনে ৩২টিতে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে।
প্রসঙ্গত কলকাতার এই সংস্থাই ভারতীয় নৌসেনাকে সবচেয়ে বেশি রণতরী তৈরি করে দিয়েছে। গত ৬৫ বছরে ১২৮টি রণতরী তৈরি করেছে এই সংস্থা।
রবিবার এই গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স-এর তৈরি ৩টি রণতরী যুক্ত হতে চলেছে ভারতীয় নৌসেনায়। যার আনুষ্ঠানিক জলে ভেসে পড়ার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানটি হবে বিশ্ব যোগ দিবসের দিন।
গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স শুধু ভারতের জন্যই জাহাজ তৈরি করে এমনটা নয়। জার্মানির একটি সংস্থার জন্য ১২টি মাল্টিপারপাস জাহাজ নির্মাণ করছে এই সংস্থা।
দূষণ রোধক জাহাজ তৈরিতেও সিদ্ধহস্ত এই সংস্থা। ভারতের সবচেয়ে বড় জিরো এমিশন ইলেকট্রিক ফেরিটি পশ্চিমবঙ্গ সরকারকে তৈরি করে দিয়েছে এই সংস্থাই। আগামী দিনে ১৩টি হাইব্রিড ডিজেল ইলেকট্রিক ফেরিও পশ্চিমবঙ্গ সরকারের জন্য তৈরি করছে তারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











