ভারতের সবচেয়ে বিষাক্ত সাপ, একই প্রজাতি, স্থানভেদে দেখতে আলাদা, গরলও আলাদা
একই সাপের নানাধরনের গরল। যা কেড়ে নিতে পারে যে কোনও মানুষের জীবন। দেশের সবচেয়ে বিষাক্ত এই সাপ পাড়ি দিয়েছিল আফ্রিকা পর্যন্ত।
ভারতে সারা বছরে ৫৮ হাজার মানুষের প্রাণ কেড়ে নেয় সাপের কেবল একটি প্রজাতি। দেশে নানাধরনের সাপ রয়েছে। যার মধ্যে ৪ ধরনের সাপ সবচেয়ে ভয়ংকর। যাদের ছোবল কেড়ে নেয় বহু মানুষের প্রাণ। সেই সাপদের মধ্যে আবার সবচেয়ে সাংঘাতিক হল এই সাপটি।
যারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। স্থান ভেদে তাদের দেখতেও কিছুটা আলাদা হয়ে যায়। অথচ জিনগত কোনও পরিবর্তন হয়না। এমনকি গবেষকেরা এটাও লক্ষ্য করেছেন যে তাদের বিষও আলাদা হয়ে যায় জায়গা বদলে গেলে।
এই সাপকে সাধারণত সকলে চেনে ন্যাজা ন্যাজা নামে। এটা একপ্রকার কেউটে। এই ন্যাজা ন্যাজা কেউটে কিন্তু অত্যন্ত বিষধর সাপ। যা ভারতেই ছিল লক্ষ লক্ষ বছর আগেও।
গবেষকেরা জানাচ্ছেন, ভারত থেকে এই সাপ পাড়ি দিয়েছিল আফ্রিকায়। সেও লক্ষ লক্ষ বছর আগের কথা। মধ্যপ্রাচ্য হয়ে এই কেউটে ভারত থেকে পৌঁছে যায় আফ্রিকা।
আবার দেখা গেছে এই সাপ শ্রীলঙ্কাতেও রয়েছে। সেখানে আবার ন্যাজা ন্যাজা কেউটের বিষের মাত্রা আলাদা হয়। এই বিষের মাত্রা কোথায় কতটা আলাদা সেটা জানার চেষ্টায় ত্রুটি রাখেন না গবেষকেরা। কারণ তার ওপরই নির্ভর করে সাপের বিষের প্রতিষেধক।
জায়গা ভেদে বিষের মাত্রা বদলে গেলে প্রতিষেধকও বদলে যায়। ভারতের বিভিন্ন কোণায় এই সাপ দেখতে পাওয়া যায়। তারা জিনগত ভাবেও এক। কিন্তু দেখতে অনেক সময় আলাদা হয়ে থাকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা